একসঙ্গে তিন বোনের বিষপান, ছোটটির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসঙ্গে বিষপান করেছে তিন বোন। মারা গেছে সবচেয়ে ছোটটি। বাকি দুজন এখনো লড়ছে মৃত্যুর সঙ্গে।

পুলিশ বলছে, ভাবির অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিন বোন আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের বনগ্রাম এলাকায়।

ইউপি সদস্য কবির আহমদ জানান, ইয়াসমিন আক্তার (১৬), শারমিন আক্তার (১৪) ও তানজু আকতার (১২) তিন বোন। তাদের বড় ভাই ওসমান গনি দুবাইতে থাকেন। তিন বোন ভাবির কাছেই থাকত। গতকাল রাতে খাবার নিয়ে ভাবির সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভাবি তাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। পরে রাতেই একসঙ্গে বিষপান করে  তিন বোন।

স্থানীয় লোকজন তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি করেন। আজ বেলা ১১টার দিকে চিকিত্সাধীন অবস্থায় ছোট বোন তানজু আকতার মারা যায়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মনজুর মোর্শেদ প্রথম আলো ডটকমকে বলেন, ইয়াসমিন ও শারমিনের অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।