একসঙ্গে তিন শ্রেণিতে এক শিক্ষকের পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশ্চর্য হলেও সত্যি, তিনটি শ্রেণিতে একসঙ্গে পাঠদান করছেন একজন শিক্ষক। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।
গ্রামবাসী, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৭৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই নানা অনিয়ম আর অবহেলার কারণে বিদ্যালয়টির যথাযথ উন্নয়ন হয়নি। বর্তমান সরকারের আমলে বিদ্যালয়টি জাতীয়করণ হলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি।
গ্রামের পাঁচজন অভিভাবক বলেন, ‘যাঁরা একটু সামর্থ্যবান, তাঁদের ছেলেমেয়েকে উপজেলা সদরের বিভিন্ন স্কুলে পড়ান তাঁরা। এ স্কুলে আমাদের মতো মানুষের ছেলেমেয়েরা পড়ে বলে শিক্ষকেরা ঠিকমতো দায়িত্ব পালন করেন না।’ কোনো দিনই একসঙ্গে সব শিক্ষককে পাওয়া যায়নি বলে তাঁরা জানান। এ ছাড়া নির্ধারিত সময়ের আগেই তাঁরা বিদ্যালয় বন্ধ করে চলে যান বলে তাঁরা অভিযোগ করেন।
গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ে উপস্থিত একমাত্র শিক্ষক রইচ উদ্দিন পঞ্চম শ্রেণিতে ইংরেজি বিষয়ে পাঠদান করছেন। তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয়জুড়ে হইচই করছে। পঞ্চম শ্রেণির ১৯ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত আছে ১৫ জন। তারা জানায়, আজ (সোমবার) চারজনের তিনজনই নেই। প্রায় প্রতিদিনই এভাবে দু-একজন শিক্ষক উপস্থিত থাকেন না।
এ ব্যাপারে রইচ উদ্দিন বলেন, প্রধান শিক্ষক জরুরি কাজে শিক্ষা অফিসে গেছেন। কষ্ট হলেও একাই তাঁকে বিদ্যালয় চালাতে হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওয়া খাতুন মুঠোফোনে বলেন, এ বিদ্যালয়ে ১৪৭ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক রয়েছেন। তিনি সহকারী শিক্ষক আবদুল মান্নানকে সঙ্গে নিয়ে কাজে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এসেছেন। আরেকজন এছারুদ্দিন শেখ হজ করতে ছুটি নিয়েছেন।
রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব হোসেন খান বলেন, একজন শিক্ষকের ওপর বিদ্যালয় রেখে কাজে যাওয়া ঠিক হয়নি। খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।