একসঙ্গে দুই চাকরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি একজন সরকারি চিকিৎসক। সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানেও চাকরি করছেন। তিন দিন সরকারি চাকরি, সপ্তাহের বাকি তিন দিন ঢাকায় বেসরকারি চাকরি।এভাবে দীর্ঘদিন একসঙ্গে দুটি চাকরি চালিয়ে যাওয়ার পর এলাকাবাসী স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগপত্র দিয়েছেন। পত্রের অনুলিপি স্থানীয় সাংসদ, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া হয়েছে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মঠখোলা উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক পারভেজ আহমেদ (কোড নম্বর-১২২৭২৮) ২০১০ সালে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের অধীনে মঠখোলা উপস্বাস্থ্যকেন্দ্রে যোগদান করেন। চাকরিতে যোগদানের পর থেকেই তাঁর আগের কর্মস্থল ঢাকার মিরপুরের রোকেয়া সরণি সড়কের আল-হেলাল ফাউন্ডেশন নামের বেসরকারি হাসপাতালে চিকিৎসা কর্মকর্তা হিসেবেও চাকরি করছেন। চিকিৎসক পারভেজ আহমেদ ঢাকা থেকে সপ্তাহে তিন দিন মঠখোলা উপস্বাস্থ্যকেন্দ্রে এসে রোগী দেখেন। বাকি তিন দিন তিনি ঢাকার ওই হাসপাতালে চিকিৎসকের কাজ করেন।চরদেওকান্দি গ্রামের হাবিবুর রহমানসহ একাধিক ব্যক্তি জানান, চিকিৎসক পারভেজ ঢাকার মিরপুরে একটি ক্লিনিকেও ডাক্তারি করেন। একজন সরকারি চাকরিজীবী কীভাবে দুই জায়গায় চাকরি করেন, এই প্রশ্ন তাঁদের? পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শহীদউল্লাহ জানান, অভিযোগ পেয়েছি। তাঁকে সতর্ক করা হয়েছে। পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে। সিভিল সার্জন হোসাইন সারোয়ার খান লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আগামী কয়েক দিনের মধ্যে সরেজমিনে তদন্ত করে আইনানুগ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক পারভেজ আহমেদ সাংবাদিকদের জানান, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। এলাকার একটি মহল তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাইছে।