একসঙ্গে দুই দল করবেন নাজমুল হুদা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)— একসঙ্গে দুই দল করার ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপির নেতা নাজমুল হুদা। তিনি বলেন, এ দুই দলের মধ্যে আদর্শগত কোনো বৈপরীত্য নেই। তাই বিএনপির সদস্য হয়ে বিএনএফের সঙ্গে যুক্ত হতে আইনগত কোনো বাধা নেই।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএনএফের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর রাজধানীর তোপখানা সড়কে নিজের আইন পেশার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাজমুল হুদা এ ঘোষণা দিয়ে কথাগুলো বলেন।
এর আগে গত ২৮ ডিসেম্বর বিএনএফের বিভিন্ন জেলার নেতারা নাজমুল হুদাকে চেয়ারম্যান ঘোষণা করেন। গতকাল তিনি এ দায়িত্ব সাদরে গ্রহণ করার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর নেত্রী। তিনি বিএনপির সদস্য হিসেবে আছেন।
একটি দলের চেয়ারম্যান পদে থেকে আরেকটি দলের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে জানতে চাইলে নাজমুল হুদা বলেন, ‘রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু “নৌকা” প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। আবার তাঁদের দলের নেতারা “কাস্তে” ও “মশাল” নিয়ে নির্বাচন করছেন। এক দলের নেতা দুই প্রতীক নিয়ে নির্বাচন করতে পারলে আমাদের অসুবিধা কোথায়?’
সংবাদ সম্মেলনে নাজমুল হুদা ৫ জানুয়ারির সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দেন। একই সঙ্গে বিএনএফের প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি। তিনি অভিযোগ করেন, বিএনএফের প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মনোনয়ন দিয়েছেন।
সংবাদ সম্মেলনে নাজমুল হুদাকে বিএনএফের চেয়ারম্যান, মোয়াজ্জেম হোসেন খান মজলিসকে জ্যেষ্ঠ সহসভাপতি, আবদুল্লাহ জিয়াকে সহসভাপতি, শহীদ চৌধুরীকে মহাসচিব, আশরাফুজ্জামানকে যুগ্ম মহাসচিব ও আরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।