একসঙ্গে দুই প্রার্থীকে মাঠে নামিয়েছে আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে একসঙ্গে দুই প্রার্থীকে মাঠে নামিয়েছে আওয়ামী লীগ। দুজনই প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তাঁরা হচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আহসানুল হক ও পুঠিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম।
আহসানুল হক তৃণমূলের ভোটে প্রার্থী মনোনীত হয়েছিলেন। এর ২০ দিন পরে ১২ মার্চ রাতে শাহরিয়ার রহিমকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়। তিনিও পরের দিন থেকে প্রচারণা শুরু করেন। আবার আহসানুল হককে তাঁর প্রচারণা বন্ধ করতে বলা হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি প্রার্থী মনোনয়নের জন্য তৃণমূলের ভোটাভুটি হয়। এতে আহসানুল হক মনোনীত হন। হেরে যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক।
ভোটাভুটিতে অংশ না নিলেও পুঠিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম মনোনয়নপত্র জমা দেন। সমঝোতা করে একক প্রার্থী নির্বাচনের জন্য স্থানীয় সাংসদ আবদুল ওয়াদুদ তাঁদের নিয়ে ৩ মার্চ রাতে তাঁর বিড়ালদহ গ্রামের বাড়িতে সমঝোতা বৈঠকে বসেন। বৈঠক চলাকালে দলের নেতা-কর্মীদের হাতে আহসানুল হকের একজন সমর্থক ছুরিকাহত হন। এরপর সমঝোতা বৈঠক ভণ্ডুল হয়ে যায়। ৬ মার্চ প্রতীক বরাদ্দের পর আহসানুল হক প্রচারণায় নেমে পড়েন। এর মধ্যে ১২ মার্চ রাতে সাংসদের বাড়িতে বৈঠক করে দলের প্রার্থী হিসেবে শাহরিয়ার রহিমকে প্রচারণা চালানোর অনুমতি দেওয়া হয়। তিনি গতকাল সকালে দলের প্রয়াত নেতাদের কবর জিয়ারত করে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনিও নিজেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রচার করছেন। জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, আহসানুল হক গত উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে প্রার্থী হয়ে ৮-১০ হাজার ভোট পেয়েছিলেন। এতে দলের প্রার্থী প্রবীণ নেতা আবদুস সোবহান পরাজিত হন।
এ ছাড়া আহসানুল হক সক্রিয় রাজনীতি করেন না। এ জন্য তাঁর পক্ষে দলের নেতা-কর্মীদের মাঠে নামানো যাচ্ছিল না। ৫ মার্চ উপজেলার বিড়ালদহ উচ্চবিদ্যালয়ে এ জটিলতা নিরসনের জন্য আলোচনা হয়। সাংসদ আবদুল ওয়াদুদ বিষয়টি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য সময় নেন। দুই প্রার্থীই কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিতে সম্মত হন। কিন্তু এক দিন পরেই প্রতীক বরাদ্দ হলে আহসানুল হক প্রচারণায় নেমে পড়েন। কিন্তু তাঁর পক্ষে মানুষ সাড়া দেননি। বাধ্য হয়ে শাহরিয়ার রহিমকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত আসার আগে আহসানুল হককেও প্রচারণা চলাতে নিষেধ করা হয়নি। জানতে চাইলে আহসানুল হক বলেন, তাঁর সঙ্গে উপজেলা কমিটি থেকে শুরু করে ওয়ার্ডের নেতা-কর্মীরা মাঠে রয়েছেন। আবদুল মালেক গুটি কয়েক নেতা-কর্মীকে নিয়ে শাহরিয়ারকে এখন দলের প্রার্থী ঘোষণা করেছেন।