বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে অর্থনৈতিক বন্ধুত্ব ছাড়াও সংস্কৃতিতে বন্ধুত্ব বাড়াতে হবে। একসঙ্গে এগিয়ে নিতে হবে দুই বাংলাকে। গতকাল শুক্রবার জাতীয় জাদুঘরের মিলনায়তনে আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মরণে ‘নেতাজি সুভাষ চন্দ্র বসু ও হিন্দু-মুসলমান সম্পর্ক’ শীর্ষক স্মারক বক্তৃতায় এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক সুগত বোস। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।সুগত বোস বলেন, উপমহাদেশে হিন্দু-মুসলিম বিভাজনে বিশ্বাস করতেন না নেতাজি সুভাষ চন্দ্র বসু। কিন্তু ব্রিটিশদের বিভিন্ন ফাঁদে পড়ে ভেঙে গিয়েছিল উপমহাদেশ। টিকে থাকেনি নেতাজির স্বপ্নের হিন্দু-মুসলমান ঐক্যের ভারত। তাই এভাবে কোনো ইতিবাচক বিকল্প পথ যেন রুদ্ধ না হয়ে যায়, সেদিকে দুই বাংলার সবাইকে সজাগ থাকতে হবে।বক্তৃতায় সভাপতিত্ব করেন অধ্যাপক আকমল হোসেন। সঞ্চালনা করেন অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ড. কামাল হোসেন, জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, আইনজীবী আমীর-উল-ইসলাম, এশিয়াটিক সোসাইটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ও বর্তমান সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক রওনক জাহান প্রমুখ।