একসঙ্গে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি, কৈফিয়ত তলব
মোমিনুল ইসলাম নামের এক ব্যক্তি একই সঙ্গে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষকের চাকরিতে বহাল থাকায় এর ব্যাখ্যা ও কৈফিয়ত তলব করে তাঁকে চিঠি দেওয়া হয়েছে। লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার গত মঙ্গলবার বিকেলে মোমিনুলকে ওই ঘটনার ব্যাখ্যাসহ কৈফিয়ত তলব করেন।
মোমিনুল আদিতমারীর কিসামত ভেটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদর উপজেলার ইটাপোতা দাখিল মাদ্রাসায় একই সঙ্গে চাকরি করছেন।
ওই চিঠিতে বলা হয়, ‘আপনি (মোমিনুল) কীভাবে একই সঙ্গে দুটি চাকরিতে কর্মরত আছেন তার ব্যাখ্যাসহ জবাব পত্র প্রাপ্তির (কৈফিয়ত) সাত কার্যদিবসের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিতভাবে দাখিল করতে হবে। অন্যথায় আপনাকে (মোমিনুল) চাকরি হতে বরখাস্ত বা অন্য কোনো যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ ব্যাপারে নবেজ উদ্দিন সরকার বলেন, ‘মোমিনুলের বিরুদ্ধে গত মঙ্গলবার সকালে ইটাপোতা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আনছার আলী লিখিতভাবে অভিযোগ করেন। ওই অভিযোগে বর্ণিত ঘটনা ও সংযুক্ত কাগজপত্রের আলোকে ওই দিনই (মঙ্গলবার) বিকেলে মোমিনুলকে এর জন্য ব্যাখ্যাসহ কৈফিয়ত তলব করেছি। মোমিনুলকে অবশ্যই একটি চাকরি ছেড়ে একটি রাখতে হবে, না হলে তার দুটো চাকরিই হুমকিতে পড়বে।’
আনছার আলী বলেন, ‘মোমিনুল বিনা অনুমতিতে ২০১৬ সালের ২ জুন থেকে আজ পর্যন্ত অনুপস্থিত আছেন। তাঁকে এ জন্য ২০১৬ সালের ১৪ ডিসেম্বর, ২১ ডিসেম্বর এবং এই বছরের ১২ জানুয়ারি তিনটি পৃথক কারণ দর্শানোর নোটিশ দিই। কিন্তু তিনি এর কোনোটার জবাব দেননি। তিনি বর্তমানে আদিতমারীর কিশামত ভেটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের চাকরি করায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে ওই অভিযোগ করেছি।’
এ ব্যাপারে জানতে চাইলে মোমিনুল গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে আমার চাকরি বহাল রয়েছে এটা সত্য। ইটাপোতা দাখিল মাদ্রাসার চাকরিতে সরকারি বিধিমোতাবেক আমার এমপিও হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ওই চাকরিটা এখনো ছাড়ি নাই, যদি ওই সুবিধাটা পাই তাহলে এই প্রাইমািরর শিক্ষকতার চাকরিটা ছেড়ে দিব।’ এ ছাড়া তিনি আর কিছু বলতে রাজি হননি।