একসঙ্গে পাঁচ সন্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের ১২টি বছর পেরিয়ে গেছে। কিন্তু এত দিন মা হতে পারেননি আরজিনা বেগম (৩০)। এ নিয়ে পরিবারে চলছিল কিছুটা মন-কষাকষিও। নিঃসন্তান সেই আরজিনা এবার একসঙ্গে পাঁচ সন্তানের গর্বিত মা হলেন।
সদ্য মা হওয়া এই গৃহবধূর বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুরের কিশামত শেরপুর গ্রামে। গত মঙ্গলবার রাতে পাঁচ সন্তান জন্ম দিয়েছেন তিনি। গতকাল বুধবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মা ও নবজাতকদের সবাই সুস্থ ছিল। পাঁচ শিশুর মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে।
আরজিনা বেগমের দেবর সাব্বির মিয়া গতকাল সন্ধ্যা ছয়টায় প্রথম আলোকে জানান, এক যুগ আগে তাঁর বড় ভাই শেরেকুল ইসলামের সঙ্গে আরজিনার বিয়ে হয়। এই দীর্ঘ সময়ে তাঁদের কোনো সন্তান হয়নি। এ নিয়ে পরিবারের লোকজনের মন খারাপ ছিল। একসঙ্গে পাঁচ সন্তান হওয়ায় এবার সবার মুখে হাসি ফুটল।
গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে গৃহবধূ আরজিনার প্রসব বেদনা উঠলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাত নয়টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি সন্তানের জন্ম দেন। অস্ত্রোপচার করেন হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক সেরাজুম মনিরা।
আরজিনার স্বামী পোশাককর্মী শেরেকুল ইসলাম বলেন, ‘একই সঙ্গে পাঁচ সন্তানের বাবা হয়েছি। খুব ভালো লাগছে। সন্তানদের নিয়ে পরিবারের মধ্যে আনন্দ বিরাজ করছে।’