একসঙ্গে পাঁচজনের বেশি সাংবাদিক কেন্দ্রে যাবেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের সময় ভোটকেন্দ্রে একসঙ্গে পাঁচজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না। তাঁরা বেশিক্ষণ কেন্দ্রে থাকতেও পারবেন না। ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া গত শনিবার এক সংবাদ সম্মেলনে এ নিষেধাজ্ঞার কথা জানান।
কমিশনার বলেন, সাংবাদিকদের বৈধ কার্ডের নমুনা পুলিশকে দেওয়া হয়েছে। এ কার্ড নিয়ে সাংবাদিকেরা স্বল্প সময়ের জন্য কেন্দ্রে যেতে পারবেন। আইনশৃঙ্খলা অবস্থা ও ভোট নিয়মমতো হচ্ছে কি না, তা সাংবাদিকেরা পর্যবেক্ষণ করবেন।
এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘ঢাকায় এখন অনেক গণমাধ্যম, অনেক সাংবাদিক। পাঁচজন করে গেলেও দেখা যাবে সারা দিন সাংবাদিকেরা যাওয়া-আসা করছে। এটা আমার কথা নয়, এটা নির্বাচনের পরিপত্রে আছে।’
এভাবে সাংবাদিকদের প্রবেশ করার ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশন থেকে এ ধরনের কোনো পরিপত্র জারি করা হয়নি।