একসঙ্গে বড়দিনের কেক কাটলেন অর্থমন্ত্রী-মেয়র
সিলেট নগরের খ্রিষ্টান মিশনে গতকাল বুধবার বড়দিনের কেক একসঙ্গে কেটে উৎসবের সূচনা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বড়দিন উপলক্ষে নয়াসড়কের খ্রিষ্টান মিশনে গত মঙ্গলবার রাত থেকে ছিল উৎসবের আমেজ। সকালে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আয়োজন। অর্থমন্ত্রী ও মেয়র সকালে খ্রিষ্টান মিশনে গিয়ে খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। পরে খ্রিষ্টান মিশনের আঙিনায় একসঙ্গে বড়দিনের কেক কাটেন অর্থমন্ত্রী ও মেয়র। মেয়র বলেন, এ শহরে সব ধর্মের অনুষ্ঠানকে সর্বজনীন উৎসবে রূপ দেওয়ার ঐতিহ্য রয়েছে। তাই তাঁরা মিলেমিশে কেক কেটে সম্প্রীতির বহিঃপ্রকাশ ঘটালেন।
নেত্রকোনায় বড়দিন উদ্যাপিত: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন গির্জায় গতকাল ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বড়দিন উদ্যাপিত হয়েছে। উপজেলার ৩৯টি গির্জায় সমবেতভাবে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা, কেক কাটা, ধর্মীয় সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।