একসঙ্গে শোক আর ঋণের বোঝা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রেমে বাঁধাই ছবি। ট্রাকচালক বকুল দেবনাথ যখন ড্রাইভিং লাইসেন্স করেছিলেন, সেই তখনকার তোলা। এ ছবিই হাতে নিয়ে নাড়াচাড়া করছিল অবুঝ শিশু নিলয় দেবনাথ। ছেলের পাশেই মা নীলিমা দেবনাথ তা দেখছিলেন। মুখে কোনো কথা নেই। দাঁত চেপে শুধুই কান্না।
বাবার ছবি হাতড়ে বেড়ানো এই শিশুসন্তানের দিকে তাকিয়ে চোখ-মুখ বেয়ে পানি ফেলা ছাড়া আর কি-ইবা করার আছে হতভাগা নীলিমার। আট মাসের সন্তানসম্ভবাও যে তিনি। কদিন আগে এক দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার শশারকান্দি গ্রামে এমনটাই ছিল বকুলের (৩৫) বাড়ির ভেতরের চিত্র।
পরিবারের এখন কী অবস্থা তা জানতে নীলিমা বলেন, ‘আমি তো বোবা অইয়া আছি! আমার মুখের ভাষা, সন্তানের সুখ সবই কাড়ি নিছে গি!’
যে ট্রাকে পেট্রলবোমা ছুড়েছিল দুর্বৃত্তরা, সেই ট্রাকটি ঋণ করে কিনেছিলেন ট্রাকচালক বকুল। তাঁর অকালমৃত্যুর পর সে ঋণের বোঝা আর পরিবারের একমাত্র চালিকাশক্তি ব্যক্তিটিকে হারানোর শোক মিলে পরিবারটির মুখের ভাষা হারিয়ে গেছে।
বকুলের ছোট ভাই রন্টু দেবনাথ বলেন, ‘ট্রাক চালাইয়া রোজগার থাকি ঋণের টেখা শোধ করার কথা আছিল। দাদা নাই, ঋণ শোধেরও কেউ নাই। আমরা আসলেই বোবা অইয়া রইছি!’
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধে গত ১৯ জানুয়ারি রাতে পেট্রলবোমা হামলার শিকার হয়েছিলেন ট্রাকচালক বকুল। সিলেটের জাফলং থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে যাওয়ার পথে সিলেট-তামাবিল মহাসড়কে আক্রান্ত হয়েছিলেন তিনি। তড়িঘড়ি নামতে গিয়ে বকুলের এক পা ভেঙে যায়। মুখ থেকে শুরু করে শরীরের প্রায় অর্ধেকটাই পুড়ে গিয়েছিল তাঁর। দগ্ধ বকুলকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তির পর গত ২৭ জানুয়ারি ভোরে মারা যান তিনি। স্ত্রী নীলিমা, ছেলে নিলয়কে নিয়ে ছিল বকুলের পরিবার। সঙ্গে রন্টু দেবনাথ ও তাঁর স্ত্রীও থাকতেন। রন্টু খুদে ব্যবসায়ী। তবে পরিবার চলত বকুলের রোজগারেই।
জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম গতকাল বলেন, ‘বকুলের পরিবার সম্পর্কে প্রশাসন অবহিত। আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে আর্থিক অনুদান চেয়ে আবেদন করেছি। আবেদন অনুমোদনও হয়েছে। শিগগিরই ১০ লাখ টাকার অনুদান প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে বকুলের পরিবারকে দেওয়া হবে।’