একসঙ্গে সাড়ে ১৩ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসঙ্গে সাড়ে ১৩ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার। ‘কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার’ পদে এই নিয়োগের প্রাথমিক কাজ শুরু হয়েছে। আগামী অর্থবছরের প্রথম দিকে নিয়োগের প্রক্রিয়া শেষ হলে এটাই হবে স্বাস্থ্য খাতে একবারে সবচেয়ে বেশিসংখ্যক নিয়োগ। এ ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা দেওয়ার বিষয়টিকে স্বাস্থ্য খাতের অগ্রাধিকার তালিকায় রেখেছে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের দেশের সাড়ে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিকে নিয়োগ দেওয়া হবে। গত বৃহস্পতিবার কমিউনিটি ক্লিনিকবিষয়ক পরামর্শক পর্ষদের (অ্যাডভাইজরি কাউন্সিল) প্রথম সভায় এই নিয়োগের কাজ দ্রুত শুরু করার ব্যাপারে আলোচনা হয়। সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী ও স্বাস্থ্য উপমন্ত্রী মুজিবুর রহমান ফকির উপস্থিত ছিলেন।এই নিয়োগ হবে ‘রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিবস ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীন। প্রকল্পের পরিচালক মখদুমা নার্গিস বলেন, পাঁচ বছর মেয়াদি প্রকল্পের জন্য দুই হাজার ৬৭৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ১০ হাজার ৭২৩টি কমিউনিটি ক্লিনিক সংস্কারের পাশাপাশি দুই হাজার ৭৭৭টি নতুন ক্লিনিক তৈরি করা হবে। তিনি বলেন, প্রতিটি ক্লিনিকে একজন স্বাস্থ্য সহকারী ও একজন পরিবারকল্যাণ সহকারীর পাশাপাশি একজন ‘কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার’ কাজ করবেন।স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, গত বছরের ১৭ সেপ্টেম্বর একনেকে এই প্রকল্প অনুমোদিত হয়। এরপর প্রকল্পের বাজেট বরাদ্দ করা হয়। ইতিমধ্যে জনবল নিয়োগের প্রশাসনিক অনুমোদনও দেওয়া হয়েছে।প্রকল্প সূত্র জানাচ্ছে, এই নতুন পদের স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব ও কাজের পরিধি চূড়ান্ত করা হয়েছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনার ৩৩ ধরনের সেবা দেওয়ার পাশাপাশি এসব স্বাস্থ্যকর্মী বাড়ি পরিদর্শন করবেন; ক্লিনিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন; তথ্য সংগ্রহ ও সংরক্ষণের পাশাপাশি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন; ইউনিয়ন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে কাজের সমন্বয় করবেন; জন্ম নিবন্ধনে সহায়তা করবেন।মখদুমা নার্গিস বলেন, স্বাস্থ্যকর্মী নিয়োগের পরীক্ষাপদ্ধতি দু-এক দিনের মধ্যে চূড়ান্ত করা হবে। এর পরপরই সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে দরখাস্ত চাওয়া হবে।উচ্চমাধ্যমিক বা সমমানের যোগ্যতাসম্পন্ন যেকোনো বাংলাদেশি দরখাস্ত করতে পারবেন। তবে তাঁকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার ইউনিয়নের ওয়ার্ড বা পার্শ্ববর্তী ওয়ার্ডের বাসিন্দা হতে হবে।নারী প্রার্থীদের অগ্রাধিকারের বিষয়ে জানতে চাইলে মখদুমা নার্গিস বলেন, কমিউনিটি ক্লিনিকে নারীবান্ধব পরিবেশের কথা ভাবা হয়েছে। মূলত নারী ও শিশুরা এখানে সেবা নিতে আসবে। স্বাস্থ্যকর্মী নারী হলে এসব রোগী ক্লিনিকে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে।