একসঙ্গে ১০ চিকিৎসক ছুটিতে রোগীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ জন চিকিৎসক একসঙ্গে কক্সবাজারে সমুদ্রস্নানে গেছেন। তিন দিন ধরে হাসপাতালটিতে চিকিৎসক–সংকট দেখা দিয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তি পোহাচ্ছেন।
তবে পাবনার সিভিল সার্জন শহিদ মো. সাদেকুল ইসলাম বলেন, যে ১০ জন কক্সবাজার ভ্রমণে গেছেন তাঁরা যথারীতি ছুটি নিয়ে গেছেন। বাকি যে চিকিৎসক হাসপাতালে আছেন, তাঁদের দিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ‘এতে কোনো সমস্যা হচ্ছে না।’
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসকের মোট ২৯টি পদ রয়েছে। এর মধ্যে যোগদানের পর থেকেই চারজন চিকিৎসক অনুপস্থিত। পাঁচজন বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে ছুটিতে আছেন। বাকি ২০ জনের মধ্যে ১০ জন ২৭ মে বেলা ২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গেছেন। তাঁরা ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত একযোগে ছুটি নিয়েছেন। অন্য ১০ জন পালাক্রমে হাসপাতালে দায়িত্ব পালন করছেন।
বেড়াতে যাওয়া চিকিৎসকেরা হলেন: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঞ্জুরা রহমান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা সবিজুর রহমান, চিকিৎসা কর্মকর্তা রতন কুমার রায়, বায়েজিদ-উল-ইসলাম, পপি রানি কুন্ডু, তাহমিনা সুলতানা, নাজমুল হক, ইফতেদার রহমান, মদিনা খাতুন ও হাসানুজ্জামান।
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে অধিকাংশ চিকিৎসকের কক্ষে তালা ঝুলছে। কিছু কক্ষ খোলা থাকলেও চিকিৎসক নেই। দূর-দুরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসকদের জন্য হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে অপেক্ষা করছেন। অন্যদিকে কয়েকজন চিকিৎসক দৌড়াদৌড়ি করে হাসপাতালে ভর্তি রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক বলেন, ‘একসঙ্গে এত চিকিৎসক অনুপস্থিত থাকলে একটু সমস্যায় পড়াটাই স্বাভাবিক। ২০ জনের কাজ ১০ জনে করা কঠিনই। তবে আমরা সাধ্যমতো রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছি।’
চিকিৎসা নিতে আসা উপজেলার বৃ-গুয়াখড়া গ্রামের মোসলেম উদ্দিন বলেন, তিনি এর আগে চিকিৎসক রতন কুমারের কাছে চিকিৎসা নিয়েছেন। শনিবার তাঁকে দ্বিতীয় দফায় আসতে বলা হয়েছিল। কথা অনুযায়ী সকাল নয়টায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন। কিন্তু চিকিৎসকের দেখা পাননি। কাটেঙ্গা গ্রামের জায়দা খাতুন বলেন, ‘বেনবেলা (সকালে) হাসপাতালে আইচি। বেবাক ডাক্তারের ঘরে তালা দেওয়া। চার-পাঁচ ঘণ্টা বসেছিলেম। শেষে এক ডাক্তার দেহে ওষুধ লেহে দিছে।’
এ প্রসঙ্গে জানতে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মঞ্জুরা রহমানের মুঠোফোনে গত শনিবার দুবার কল দেওয়া হলে তিনি ফোন ধরেননি।