নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রায় প্রতিদিনই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়েছে। ৮ ডিসেম্বর একসঙ্গে এক হাজার ৬৯৫ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। ১০ ডিসেম্বর ১৩ জন এবং ১১ ও ১২ ডিসেম্বর ১৮ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তারা প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। নির্বাচনী কর্মকর্তার সংকট থাকলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। ফলে তফসিল ঘোষণার পর এ বিভাগের এত বিপুল বদলি ও পদায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র এবং বদলি, পদায়ন হওয়া একাধিক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছেন, নির্বাচন কমিশনের অনুমোদনের সুযোগ কাজে লাগিয়ে মন্ত্রণালয়ের একটি চক্র টাকার বিনিময়ে বদলি,পদায়নের তালিকা করছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, এক হাজার ৬৯৫ জনের বদলি, পদায়নের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সম্মতি রয়েছে। তবে প্রতিদিন যেসব বদলি হচ্ছে, সে ব্যাপারে কমিশনের অনুমতি নেওয়া হচ্ছে না।
নির্বাচন কমিশন সূত্র জানায়, বিভিন্ন মন্ত্রণালয়ের বদলি, পদায়ন ও ছুটির প্রস্তাব সম্মতির জন্য পাঠানো হলে তা খুব সহজেই সম্মতি পেয়ে যাচ্ছে। পুলিশের বদলিসহ প্রশাসনের অন্যান্য বদলির প্রস্তাবও নির্বাচন কমিশনে পাঠানো হলে যাচাই-বাছাই ছাড়া অনেক প্রস্তাবে সম্মতিও দেওয়ার ঘটনা ঘটছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে নির্বাচনকালীন প্রশাসন সম্পর্কে বলেছিলেন, তফসিল ঘোষণার পরে কেবল রুটিন কাজ করা হবে। নীতিনির্ধারণী পর্যায়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘নির্বাচনকালীন সরকারের কাজের ধরন কী হবে, তা বর্তমান সংবিধান বা আইনে বলা নেই। রুলস অব বিজনেসেও বলা নেই। তাই এ সময়ে কী কী কাজ করা যাবে, তা মন্ত্রণালয়গুলোর বিচার্য বিষয়। তবে তারা যদি কোনো বিষয় অস্পষ্ট মনে করে, তাহলে মন্ত্রিপরিষদ বিভাগের পরামর্শ নিতে পারে। এমনকি নির্বাচন কমিশনেরও পরামর্শ নিতে পারে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার পর গত ২৭ নভেম্বর সহযোগী ও সহকারী অধ্যাপক, জ্যেষ্ঠ ও কনিষ্ঠ পরামর্শকসহ (কনসালট্যান্ট) বিভিন্ন পদে পদোন্নতি দিয়ে পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। ২ ডিসেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে নির্বাচন কমিশনের অনুমতি চাওয়া হয়। কমিশন ৫ ডিসেম্বর সম্মতিপত্র দেয়। ৮ ডিসেম্বর এক হাজার ৬৯৫ জনের প্রজ্ঞাপন জারি হয়। এ ছাড়া ৪ ডিসেম্বর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৬৯ জন কর্মকর্তার চাকরি স্থায়ী করা হয়েছে। পাশাপাশি বিদেশে পদায়ন, শিক্ষা ছুটি, ভ্রমণ সবই চলছে।
জানতে চাইলে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দিন প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে এসব চিকিৎসক পদোন্নতি বঞ্চিত ছিলেন। তাই তাঁদের পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।
নির্বাচনী তফসিলের পরে কেন এ সিদ্ধান্ত হলো, জানতে চাইলে সচিব বলেন, বড় আকারে বলেই নির্বাচন কমিশনের সম্মতি নেওয়া হয়েছে। এ ছাড়া বিভাগীয় পদোন্নতি কমিটি অনেক আগে থেকে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছিল।
অন্যান্য বদলি ও বিদেশ সফরের বিষয়ে সচিব নিয়াজ উদ্দিন বলেন, ‘এগুলো রুটিন কাজ বলা যায়। এ জন্য নির্বাচন কমিশনের অনুমতি নিইনি, ধীরে ধীরে এগুলো কমিয়ে ফেলব।’ অর্থ লেনদেনের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এসব অভিযোগ অবাস্তব ও ভিত্তিহীন।