বরিশালে জেলা বিএনপির কমিটি নিয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ার এবং কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি আহসান হাবিব কামালের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। জেলা কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি, দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে।গতকাল শনিবার বেলা ১১টায় মজিবর রহমানপন্থী নেতা-কর্মীরা নগরের সদর রোড এলাকায় ৫০ ফুট দীর্ঘ ব্যানারে গণস্বাক্ষর নেওয়াসহ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা জেলা বিএনপির কমিটি বাতিলের দাবি তোলেন। মানববন্ধনে একসময়ের আহসান হাবিবপন্থী (কামালপন্থী) নেতাদের মজিবর রহমানের পক্ষ নিতে এমনকি তাঁর গুণকীর্তন করতেও দেখা যায়। মানববন্ধনে বক্তারা বলেন, আহসান হাবিব পৌরসভার মেয়র থাকাকালে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ‘আওয়ামী-বিএনপি’ করেছেন।অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিনকে জেলায় দলের কোনো আন্দোলন-সংগ্রামে দেখা যায় না। জেলা বিএনপির দায়িত্ব তাঁদের হাতে থাকলে বিএনপি ধ্বংস হয়ে যাবে। অনতিবিলম্বে সুবিধাবাদী কামাল-শিরিনকে জেলা কমিটি থেকে প্রত্যাহার করে যোগ্য ও ত্যাগী নেতাদের নিয়ে কমিটি করার জন্য দলের চেয়ারপারসনের কাছে আবেদন জানান বক্তারা।মানববন্ধন কর্মসূচি থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, ‘২২ অক্টোবর গণঅনশন কর্মসূচির মাধ্যমে কামাল-শিরিন কমিটি বাতিলের দাবি জানাব। তার পরও ওই কমিটি বাতিল করা না হলে আমরা ঢাকার উদ্দেশ্যে লংমার্চ করব। কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করা হবে।’কর্মসূচিতে জেলা বিএনপিতে পদ না পাওয়া নেতা-কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তাঁদের মধ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়েদুল হক চান, যুগ্ম আহ্বায়ক মহসীন মন্টুসহ অনেকে উপস্থিত ছিলেন। এই দুই নেতা ইতিপূর্বে আহসান হাবিবের সঙ্গে থেকে মজিবর রহমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। জেলা কমিটিতে স্থান না পেয়ে তাঁরা এখন মজিবর রহমানের পক্ষ নিচ্ছেন এবং আহসান হাবিবের কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন।ওই দুই নেতা কামাল-শিরিনের পক্ষে থাকাকালে যেভাবে প্রতিপক্ষ মজিবর রহমানকে আক্রমণ করে বক্তৃতা দিয়েছিলেন, গতকাল বিপরীত ভূমিকায় থেকে মজিবর রহমানের গুণগান করে আক্রমণাত্মক সমালোচনা করেছেন কামাল-শিরিন ও তাঁদের ওই কমিটি সম্পর্কে।এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মজিবর রহমান সমর্থক সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শাহীন, মনিরুজ্জামান ফারুকসহ জেলা, মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। কর্মসূচিতে বরিশাল মহানগর ছাড়াও জেলার অন্তর্গত সব থানা কমিটির প্রায় কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, ‘আন্দোলনের সময় কোথায় ছিলেন এবায়েদুল হক চান, মহসীন মন্টু ও মনিরুজ্জামান ফারুক? তাঁদের কাছ থেকে আমাদের যোগ্যতার সনদ নিতে হবে? তাঁরা আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছে। আমাদের সম্পর্কে যা বলা হচ্ছে তা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। তার পরও প্রতিপক্ষের যেকোনো সমালোচনার জবাব রাজনৈতিকভাবেই দেওয়া হবে।’প্রসঙ্গত, গত ২৩ জুন বিএনপি বরিশাল জেলা কমিটি গঠনের পর থেকেই মজিবর রহমান সমর্থক নেতা-কর্মীরা ওই কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন।