একসময়ের ল্যাব টেকনিশিয়ান এখন নামকরা ‘শিশু বিশেষজ্ঞ’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসক্রিপশনের ওপরে লেখা ডা. মো. সেলিম, মেডিকেল ডিপ্লোমা, ঢাকা। ল্যাব টেকনোলজি, আইএফপিবি, মিরপুর, শিশু হাসপাতাল। আরেকটি প্রেসক্রিপশনে লেখা ডা. মো. সেলিম, এমবিবিএস কোর্স (কারিকুলাম), ল্যাব টেকনোলজি, আইএফপিবি, মিরপুর শিশু হাসপাতাল। চিকিৎসক নামধারী একই ব্যক্তির প্রেসক্রিপশনের প্যাডে এভাবে পরিচয় ছাপানো হয়েছে। তাঁর নাম মো. সেলিম। বিভিন্ন সময়ে বিভিন্ন বানোয়াট ডিগ্রি ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভিজিটের মাধ্যমে রোগী দেখছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে ‘শিশু বিশেষজ্ঞ’ পরিচয়ে রোগী দেখেন তিনি। উপজেলার মুক্তারামপুর গ্রামের বাসিন্দা এই কথিত শিশু বিশেষজ্ঞ।সরেজমিনে ২৬ নভেম্বর সলিমগঞ্জ বাজারে গিয়ে দেখা যায়, এখানকার ‘ওয়াহিদ প্লাজা’ নামের ভবনটির নিচতলার একটি কক্ষে ‘আফ্ফান সেবা’ নামের চেম্বার বানিয়ে রোগী দেখছেন সেলিম। বাইরে নারী ও শিশুদের ভিড়। খোঁজ নিয়ে জানা গেল, নবীনগর ও পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এসব রোগী এসেছে। এগিয়ে গিয়ে দেখা গেল, কাচ দিয়ে ঘেরা চেম্বারের ভেতরে একজন মা তাঁর শিশুকে নিয়ে মো. সেলিমের পরামর্শ নিচ্ছেন। কিছুক্ষণ পর শিশুটির মুখে ‘নেবুলাইজার’ লাগিয়ে চিকিৎসা দিতে দেখা গেল। পরে চেম্বার থেকে বেরিয়ে আমেনা বেগম (১৯) নামের ওই গৃহবধূ বললেন, ‘পোলাডার ঠান্ডা লাগছে। তাই আইছি। হুনছি উনি নাকি “শিশু বিশেষজ্ঞ”। স্যারে পেসকিপশানে অষুদ লেইখ্যা দিছেন, পোলাডার মুখে গ্যাসও (নেবুলাইজার) দিছে। এই জন্য ডাক্তার সাবরে ১০০ টেহা দিতে হইছে।’চিকিৎসা নিতে আসা স্থানীয় ফৌজিয়া বেগম, আম্বিয়া খাতুন, করিমুন্নেসা বেগম প্রমুখ জানান, দীর্ঘদিন ধরেই এই ব্যক্তি বাজারে বসে রোগী দেখছেন। প্রতিদিনই ৫০-৬০ জন রোগী দেখেন তিনি। ভালোই নামডাক তাঁর। প্রত্যেকের কাছ থেকে ৫০ টাকা করে ভিজিট নেন। তবে নেবুলাইজার দিলে নেন ১০০ টাকা। এদিকে এলাকার শফিকুল ইসলাম, কেরামত আলী নামের একাধিক শিক্ষিত ও সচেতন ব্যক্তি অভিযোগ করেন, এমবিবিএস পাস না করেও প্রেসক্রিপশনে সুকৌশলে পদবিটা লাগিয়ে এই ব্যক্তি দীর্ঘদিন ধরেই প্রতারণা করছেন। শফিকুল বলেন, ‘আমাদের জানামতে, নরসিংদীর একটি ডায়াগনস্টিক সেন্টারে তিনি “ল্যাব টেকনিশিয়ান” ছিলেন। ২০০২ সালের দিকে এখানে চেম্বার খুলে বসেন। তবে তাঁর নামের নিচে একেক সময় একেক রকম “ডিগ্রি” দেখে এলাকাবাসীর সন্দেহ হয়।’নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএ) মো. সাদেক মিয়া প্রেসক্রিপশনে মো. সেলিমের ডিগ্রি দেখে বলেন, ‘চিকিৎসাশিক্ষা-ব্যবস্থায় এ ধরনের কোনো ডিগ্রি নেই। এরা ভুয়া চিকিৎসক। এসব প্রতারক গ্রামের সাধারণ মানুষকে ঠকাচ্ছেন, অনেক সময় তাঁদের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুও হচ্ছে।’ তার পরও এসব প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণ সম্পর্কে সাদেক মিয়া বলেন, ‘এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই। তবে প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে।’অভিযুক্ত মো. সেলিম মুঠোফোনে বলেন, ‘আমি প্রেসক্রিপশনে এমবিবিএস লিখি নাই, লিখেছি এমবিবিএস কোর্স (কারিকুলাম)। এটি সরকারি না হলেও সরকার অনুমোদিত বেসরকারি ডিগ্রি। তবে এখন আমি এই ডিগ্রিও লিখি না। এখন লিখি মেডিকেল ডিপ্লোমা। ম্যাট্রিক পাস করে তিন বছরের কোর্সে এ ডিগ্রি নেওয়া যায়। আমি এই ডিপ্লোমা নিয়েছি।’এমবিবিএস পাস না করেও নামের আগে ডাক্তার পদবি লাগানো সম্পর্কে মো. সেলিম বলেন, ‘এখন তো ওষুধের দোকানের মালিকেরাও নামের আগে ডাক্তার লাগান। এটি এখন সামাজিক প্রথা। তাই সামাজিক মর্যাদা বাড়াতে আমিও নামের আগে “ডাক্তার”টা লাগিয়ে নিলাম।’এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন সরফরাজ খান বলেন, ‘অভিযোগ নিঃসন্দেহে গুরুতর। শিগগিরই সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’