একা নিঃসঙ্গ তালগাছ আর বাস্তুহারা মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে’—কোথাও তালগাছ দেখলে অনেকেই হয়তো আনমনে ছেলেবেলায় শেখা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার চরণ আওড়ান। মনে হয়, সব গাছের মধ্যে তালগাছই সেরা। কিন্তু ভাদ্রের ভরদুপুরে রাজশাহীর চরখিদিরপুরের তালগাছটিকে আর গাছেদের গুরু বলে মনে হয় না। সে বড় একা আজ। পদ্মার ভাঙনে চরখিদিরপুরের বাস্তুহারা মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ে। তালগাছের দিকে তাকানোর সময় কোথায় তাদের?

রাজশাহীর পবা উপজেলার চরখানপুর ও চরখিদিরপুর গ্রাম। সীমান্তবর্তী গ্রাম দুটির অবস্থান ভারতীয় সীমান্তের কাছে। এখানকার ২৮ বর্গকিলোমিটার এলাকা ভাঙনে ভাঙনে অর্ধেকে নেমে এসেছে। পদ্মার ভাঙনে গ্রাম দুটি এখন জলমগ্ন। সব মানুষ বাড়িঘর সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। যে যার মতো নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে। এখন ভাদ্র মাস। তাল পাকার সময়। নিঃসঙ্গ গাছের কাঁদিতে ঝুলে আছে পাকা তাল। সেদিকে কেউ ফিরেও তাকায় না। কারও তাকানোর অবসর নেই। শুধু বাবুই পাখিগুলো এখনো ছেড়ে যায়নি তালগাছটিকে। এখনো ওরা গাছকে ঘিরে ওড়ে, কিচিরমিচির করে। ওরা তালগাছটিকে বড় ভালোবাসে। গাছটিই এই চরে তাদের একমাত্র আশ্রয়। ভারতীয় সীমান্তের সঙ্গে এখন বাংলাদেশের যে মাটিটুকু লেগে আছে, তাতে আর দ্বিতীয় কোনো তালগাছ চোখে পড়ল না।

একমাত্র এ তালগাছটির পায়ের নিচে এখন প্রমত্তা পদ্মা এসে দাঁড়িয়েছে। প্রতিদিন মুঠোমুঠো নয়, চাঁই চাঁই মাটি খুলে নিচ্ছে। যেকোনো দিন, যেকোনো সময় তালগাছটি নদীর বুকে আছাড় খেয়ে পড়ার অপেক্ষায় রয়েছে। বাবুই পাখিগুলো কি তাদের আশ্রয়হীন হওয়ার দুঃসংবাদটি টের পেয়ে গেছে? পাখিদের হাতঘড়ি নেই। তবু তো ওরা রাতের প্রহরে ঠিকই ডেকে ওঠে। ওরা হয়তো জেনে গেছে, আর কত দিন বা কত ঘণ্টা এ গাছটি তাদের আশ্রয় দেবে। বাবুই তো আশ্রয়ের জন্য পরের ঘরে উঠবে না। সে তো শিল্পী, তার নিজ হাতে গড়া কাঁচা ঘরই তো খাসা। কাছেই ভারত। পাখিদের তো কোনো দেশ নেই। আছে শুধু অসীম আকাশ। এক আকাশের নিচে আরেকটি তালগাছ পেলে ওরা হয়তো দেশের সীমা ছাড়িয়ে পাড়ি দেবে ভারতে। কিন্তু ওদের মন যে বাঁধা পড়ে আছে বাসায়। প্রতিটি বাসায় রয়েছে ডিম অথবা ছোট ছানা। ওরা তো উড়তে পারবে না। ওরা তো দেশ ডিঙাতে পারবে না।

একসময় এই প্রতিবেদকের নৌকা ভারত সীমান্তের একবারে কাছে চলে আসে। নৌকার মাঝি খোয়াজ আলী আঙুল তুলে দেখালেন, পানির ওপর দিয়ে একটি সীমান্ত পিলারের মাথা বের হয়ে রয়েছে। ভারতের সীমান্ত পিলারের গা ঘেঁষেই নতুন বসতি উঠেছে। এসব বাড়িঘরে কারা আছেন? তাঁরা কোন দেশের মানুষ, জানতে চাইলে বাড়ির ভেতর থেকে বের হয়ে এলেন সুন্দর বেগম (৬৫)। তিনি বললেন, ‘বিএসএফ কী কইরবে, সে চিন্তা মাথায় ছিল না। জান বাঁচাইতে ডাঙ্গা দেখ্যা বাড়ি কর্যাছিনু। হপাক কর্যা পানি আইস্যা ডুবি দিয়্যা গেল।’

শুধু সুন্দর বেগম নন, রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুর ও চরখানপুরের পাঁচ শতাধিক পরিবার গত দুই মাসে পদ্মা নদীর ভাঙনে গৃহহারা হয়ে ভারতের একেবারে সীমান্তরেখা বরাবর বাড়িঘর সরিয়ে এনেছে। তাদের অনেকেই এখনো ঘরের চালা ফেলে রেখেছে। অনেকেই নতুন করে ঘর তুলেছে। সে ঘরেও এসে ঢুকেছে বন্যার পানি। পানি আসুক আর বিএসএফ এসে গুলি করুক, তাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। বাবুইগুলো হয়তো কাঁটাতারের ওপারে কোনো তালগাছে বাসা বাঁধবে, কিন্তু এরা?