একা পাঁচ উপজেলার সাব-রেজিস্ট্রার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরের সাব-রেজিস্ট্রার মো. বুলবুল আহাম্মেদ একা পাঁচটি উপজেলার দায়িত্ব পালন করছেন। নিজের কর্মস্থল আক্কেলপুর ছাড়াও জয়পুরহাট সদর, কালাই, ক্ষেতলাল, পাঁচবিবি উপজেলার দায়িত্ব পালন করছেন তিনি। এ কারণে জমি নিবন্ধনসংক্রান্ত কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এতে লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন।
জয়পুরহাট জেলা রেজিস্ট্রার মো. মতিউর রহমান প্রথম আলোকে বলেন, সাব-রেজিস্ট্রাররা সবাই ঢাকাকেন্দ্রিক চাকরি করতে চান। এ কারণে কেউ জয়পুরহাট জেলায় আসতে চান না। জয়পুরহাট জেলাজুড়ে মাত্র একজন সাব-রেজিস্ট্রার আছেন। তাঁকে দিয়ে পাঁচটি উপজেলায় কাজ করানো হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জয়পুরহাটের চারটি উপজেলায় সাব-রেজিস্ট্রার নেই। আক্কেলপুরের সাব-রেজিস্ট্রার বুলবুল আহাম্মেদ পালা করে অন্য চারটি উপজেলায় দায়িত্ব পালন করছেন। জয়পুরহাট সদরের সাব-রেজিস্ট্রার দাউদ হোসেন শেখ বদলি হয়ে শরীয়তপুর জেলায় চলে যান। এখানে সিলেট বিভাগ থেকে জয়পুরহাট সদর উপজেলায় একজন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হলেও তিনি যোগদান করেননি। পরে তাঁর বদলির আদেশ প্রত্যাহার করা হয়।
জেলা রেজিস্ট্রারের কার্যালয় সূত্র জানায়, সাব-রেজিস্ট্রার বুলবুল আহাম্মেদ প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আক্কেলপুর, বুধবার পাঁচবিবি, রোববার (আধাবেলা সকাল নয়টা থেকে বেলা দুইটা) পর্যন্ত কালাই, সোমবার আধা বেলা ক্ষেতলাল উপজেলায় কাজ করেন। এ ছাড়া রোববার ও সোমবার দুপুর আড়াইটা থেকে জয়পুরহাট সদর উপজেলায় কাজ করেন। কোনো কারণে তিনি ছুটি নিলে তখন জেলাজুড়ে জমি নিবন্ধনের কাজ বন্ধ থাকে।
সাব-রেজিস্ট্রার বুলবুল আহাম্মেদ বলেন, ‘পাঁচ উপজেলার দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তারপরও লোকজনকে সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছি। এক উপজেলা থেকে আরেক উপজেলায় দৌড়াদৌড়ি করতে করতে সময় থাকে না।’ তিনি দায়িত্ব কমিয়ে আনতে জেলা সাব-রেজিস্ট্রারকে জানাবেন বলে জানিয়েছেন।
জেলা রেজিস্ট্রার মো. মতিউর রহমান বলেন, জেলার চারটি উপজেলায় সাব-রেজিস্ট্রার পদায়নের জন্য মহাপরিদর্শক (নিবন্ধন) মহোদয়কে বলা হয়েছে।