গহিন বনের মতো নিরিবিলি চারপাশ। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের এক কোণে নিরিবিলি এই এলাকায় রয়েছে ছোট্ট এক বেষ্টনী, যেখানে ঠিকানা হয়েছে সুন্দরবনের একটি বেঙ্গল টাইগারের। একাকী বসে থাকে চুপচাপ। সহজে কারও চোখ পড়ে না বিরাট আকারের এই হলদে-কালো ডোরাকাটা বাঘের ওপর। একাকিত্ব যেন ওকে ভোগাচ্ছে প্রতি মুহূর্তে। তার চেয়ে বড় ব্যাপার, বাঘিনীর ডান পায়ের হাঁটুর নিচ থেকে কাটা। এ কারণে ওর অসহায়ত্ব আরও বেড়ে গেছে।
পা কাটা অবস্থাতেই এটিকে পাওয়া যায় ২০১২ সালের ১৪ জানুয়ারি সন্ধ্যাবেলায়। সেদিন এক পা কাটা অবস্থায় এই বাঘিনী সুন্দরবনসংলগ্ন খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশি গ্রামের একটি ঘরে অতর্কিতে ঢুকে পড়ে। বাড়ির লোকজন ঘরের দরজা বন্ধ করে দেয়। খবর পেয়ে বন বিভাগ ও বন্য প্রাণী ট্রাস্টের কর্মীরা সেখানে পৌঁছান। ট্রাঙ্কুলাইজারগানে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে বাঘিনীকে অচেতন করা হয়।
ধারণা করা হয়, চোরা শিকারিদের ফাঁদে বাঘিনীটির পা কাটা পড়েছিল। উদ্ধার শেষে বন বিভাগের কর্তারা বাঘিনীকে প্রথমে ঢাকায়, পরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠান। এভাবে বছর দেড়েক কাটানোর পর ২০১৩ সালের ২৪ মে এই বাঘিনীকে আনা হয় গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। তখন থেকে সাড়ে তিন বছর ধরে একা রয়েছে তিন পায়ের এই বাঘিনী।

ভালোমতোই খেয়েদেয়ে আছে এই তিনপেয়ে বাঘিনী। প্রতিদিন চার কেজি গরুর মাংস খাচ্ছে সে। কেবল মঙ্গলবার চিকিৎসকের পরামর্শে খাবার দেওয়া হয় না ওকে।
গাজীপুরের সাফারি পার্কে একাকী থাকলেও পাঁচ বছর বয়সী বাঘিনীর চোখ-কান বেশ সজাগ। পাতার ওপর মানুষের পাড়া পড়লেই ‘ঘড় ঘড়’ শব্দ করে সে। অনেক সময় বিরাট গর্জন করে ক্ষিপ্রগতিতে ছুটে আসে। তিন পায়ের গতিও কম নয় তার। এই গতিতে বেষ্টনী যেন ভেদ করতে চায় সে। সাফারি পার্কে ওর তত্ত্বাবধায়কদের মতে, বাঘিনীর গর্জনে কান ফেটে যাওয়ার দশা হয় তাঁদের।
টাইগার সাফারিতে আরও নয়টি বেঙ্গল টাইগারও সুন্দরবনের এই বাঘিনীর কাছে পাত্তা পায় না। জাতে বেঙ্গল টাইগার হলেও নয়টি বেঙ্গল টাইগার এখানে আনা হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে কিনে। ওদের জন্মও হয়েছিল গৃহপালিত পরিবেশে। অনেকটা পোষা প্রাণীর মতো নিয়ম করে খাওয়াদাওয়া করা নয়টি বাঘের জন্মগত অভ্যাস। বুনোভাব একেবারেই নেই বাঘগুলোর। তাই সুন্দরবনের বাঘের তুলনায় ওরা অনেকটা শান্ত—এ রকম মন্তব্য করলেন বঙ্গবন্ধু সাফারি পার্কের বন্য প্রাণী সুপারভাইজার মো. সরোয়ার হোসেন খান।
সাফারি পার্ক-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, সুন্দরবনের বাঘিনীটি এখন প্রাপ্তবয়স্ক, কিন্তু সঙ্গীহীন। সুন্দরবনের বাঘের বংশবিস্তার করানো হলে সাফারি পার্কের আকর্ষণও বাড়বে। তাই আফ্রিকা থেকে আনা বাঘের সঙ্গে রাখা হয়েছিল। তবে রাখার পর সুন্দরবনের বাঘিনীর গর্জনে আফ্রিকার বেঙ্গল টাইগাররা চুপসে থাকত।
প্রাণী বিশেষজ্ঞদের মতে, এক প্রজাতির হলে বেঙ্গল টাইগারদের একসঙ্গে রাখায় কোনো অসুবিধা নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল খান প্রথম আলোকে বলেন, যদি বংশবিস্তারের উদ্দেশ্য হয়, তাহলে বাঘকে পর্যবেক্ষণ করতে হবে। ব্রিডিং মুডে এলে নারী ও পুরুষ বাঘকে পাশাপাশি খাঁচায় রাখা যেতে পারে। এভাবে ওদের মধ্যে ভাব হওয়ার সম্ভাবনা থাকে। এতে করে ওদের মধ্যে আক্রমণাত্মক আচরণ চলে যায়। অন্যদিকে একা হলেও বাঘিনীকে যত খোলামেলা পরিবেশে রাখা যায়, ততটাই ওর জন্য ভালো।