একা হয়ে গেল রাদোয়া
ছবিটি দেখুন। হাসিখুশি শিশুটি পরম নির্ভরতায় যেন মিশে আছে বাবার বুকে। এই দৃশ্য আর কোনো দিন ফিরে আসবে না চার বছর বয়সী রাদোয়ার জীবনে। বাকি জীবন এই ছবি শুধুই নিঃশব্দ কান্নার উপলক্ষ হয়ে থাকবে।জন্মের পর মায়ের মুখ দেখেনি রাদোয়া। অস্ফুট স্বরে ‘আম্মু’ ডাকার ভাগ্য হয়নি তার। তাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে নিজেই অন্ধকারে হারিয়ে গিয়েছিলেন মা হাসিনা আক্তার। সেই থেকে বাবাই ছিল তার সব। সারা দিন দাদা-দাদির কাছে থাকত। দিনান্তে কাজ শেষে বাবা ফিরে এলে ঝাঁপিয়ে পড়ত তাঁর কোলে। বাবার কোলে মুখ রেখে কেড়ে নিত সব আদর, মায়ের কাছে যা পাওনা ছিল, তা-ও। কিন্তু রাদোয়ার সেই আশ্রয়টিও কেড়ে নিল নিয়তি।গত বুধবার গভীর রাতে আকস্মিকভাবে মস্তিষ্কের রক্তক্ষরণে মারা গেছেন রাদোয়া বিনতে সাজ্জাদের বাবা চলচ্চিত্রকর্মী, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন উপল (৩৬)। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।গত কাল বৃহস্পতিবার সকালে তাঁর লাশ চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের কার্যালয়ে আনা হলে এখানে সৃষ্টি হয় এক বেদনাবিধুর পরিবেশ। এই উদ্যমী তরুণের অকালপ্রয়াণ যেন মেনে নিতে পারছিলেন না সতীর্থরা। মাত্র দুই দিন আগেই সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরের স্মরণে শহীদ মিনারের সামনে এক মানববন্ধনে শোক ও ক্ষোভ জানিয়ে বক্তব্য দিয়েছিলেন উপল। চলচ্চিত্র কেন্দ্রের শোক সভায়ও তাঁদের অকালমৃত্যু নিয়ে শোক প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু দুই দিনের মাথায় নিজেই তিনি শোক সংবাদ হয়ে যাবেন, কে জানত?চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী বললেন, ‘আমরা আর কত শোকের ভার বইব?’ চলচ্চিত্রকর্মী ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল বললেন, সম্ভাবনাময় প্রতিভাদীপ্ত মানুষগুলো কি এভাবেই হারিয়ে যাবে অসময়ে?সাজ্জাদ হোসেন উপল ১৯৯৬ সালে শাটল ট্রেন নামের একটি তথ্যচিত্র নির্মাণ করেন। বিস্মৃত অধ্যায় ও মেঠোপথের গান নামের দুটি প্রামাণ্য চলচ্চিত্রের চিত্রগ্রাহক ছিলেন তিনি। এ ছাড়া চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘সাম্পান’-এর ওপর একটি তথ্যচিত্র নির্মাণের সব প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন তিনি।প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক জেনারেল ম্যানেজার সারোয়ার উল আলমের এক ছেলে ও দুই মেয়ের মধ্যে সাজ্জাদ ছিলেন সবার বড়। পেশায় তিনি ছিলেন র্যাংগস মোটরস লিমিটেডের চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার। গতকাল তাঁর লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। সেখানে আসরের নামাজের পর তাঁর দাফন সম্পন্ন হয়। প্লে-ক্লাসের ছাত্রী রাদোয়া নির্বাক তাকিয়ে ছিল শোকার্ত স্বজনদের দিকে। সে হয়তো ঠিকমতো বুঝতেই পারেনি কত বড় ক্ষতি হয়ে গেল তার জীবনের শুরুতেই।