একাংশ দেবে ফাটল, চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ-বিদেশে সিলেটের প্রতীক সুরমা নদীর ওপর ব্রিটিশ ঐতিহ্যের প্রথম সেতু কিন ব্রিজের একাংশ দেবে বড় আকারের ফাটল দেখা দিয়েছে। গতকাল সোমবার সকালে এ অবস্থার সৃষ্টি হওয়ায় তাৎক্ষণিক সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে।প্রত্যক্ষদর্শী সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, রেলস্টেশন এলাকার উদ্দেশে সকাল পৌনে সাতটার দিকে যাচ্ছিলাম। এ সময় লোকজনের চিৎকার-হইহুল্লোড় শুনে কিন ব্রিজের দিকে যাই। গিয়ে দেখি, সেতুটি দেবে গিয়ে ফাটল সৃষ্টি হয়েছে। সেতুটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ তদারক করছে বলে সঙ্গে সঙ্গে তাদের জানানো হয়।সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী শাহ মো. মুসা জানান, খবর পেয়ে সরেজমিনে গিয়ে পরিদর্শন করে দেখা গেছে, সেতুর দেবে যাওয়া স্থানের সাতটি ডেকিং প্লেট ভেঙে গেছে। ভারী যানবাহন চলাচলের কারণে এ অবস্থা হয়েছে। প্লেটগুলো নতুনভাবে লাগানোর পর সেতুটি চলাচলের উপযোগী হয়ে উঠবে।সওজের প্রকৌশল বিভাগ জানায়, সুরমা নদীতে ১৯৩৬ সালে এ সেতুটি নির্মাণ করা হয়। এটিই নদীর ওপর প্রথম কোনো সেতু। ওই বছরই তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিন সেতুটির উদ্বোধন করেন। তাঁর নাম অনুসারেই এটির নামকরণ করা হয় কিন ব্রিজ। ৩৯ মিটার দৈর্ঘ্য ও ৫ দশমিক ৫ মিটার প্রস্থের এ সেতুটি সিলেটের ঐতিহ্যের একটি স্মারক হয়ে ওঠে। মুক্তিযুদ্ধের সময় সেতুটি ক্ষতিগ্রস্ত হলে পরবর্তী সময় সংস্কার করে যাতায়াতের উপযোগী করা হয়।সম্প্রতি নগরের যানজট-পরিস্থিতি মোকাবিলায় ট্রাফিক বিভাগ সেতু দিয়ে প্রতিদিন সকালে ও বিকেলে ছোট যানবাহনের পাশাপাশি ভারী যানবাহন চলাচলের অনুমতি দেওয়ায় সেতুটির এ অবস্থা হয়েছে বলে সওজের সেতু পর্যবেক্ষণকারী ব্যক্তিরা জানান।সেতুর দায়িত্বে থাকা সওজের বিভাগীয় প্রকৌশলী মো. শামীম আল-মামুন বলেন, ২০০৬ সালে সংস্কারকাজ সম্পন্ন করার পর সিদ্ধান্ত হয়েছিল, সেতুটি দিয়ে সব ধরনের ভারী যানবাহন চলাচল করতে পারবে না। এ নিষেধ অমান্য করায় সেতুটি ঝুঁকির মুখে পড়েছে।এ ব্যাপারে মহানগর পুলিশের (ট্রাফিক) উপকমিশনার মো. রেজাউল করিম বলেন, ‘সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলে সওজ কর্তৃপক্ষের যথাযথভাবে ট্রাফিক পুলিশ ও সিটি করপোরেশনকে অবহিত করার কথা। সে ক্ষেত্রে সওজ আমাদের কিছুই জানায়নি। শুধু ভারী যানবাহন নয়, বহুদিনের পুরোনো এ সেতুর সংস্কার না হওয়াও দেবে যাওয়ার কারণ হতে পারে।’কিন ব্রিজ সংস্কার করে এটিকে যানবাহন চলাচলের সেতু নয়, কেবল হাঁটার সেতুতে রূপান্তরের আহ্বান জানিয়ে সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক শুভেন্দু ইমাম বলেন, ‘এটি শুধু একটি পুরোনো স্থাপনা নয়, এটি সুরমা নদীর ওপর দিয়ে যোগাযোগের মেলবন্ধন সৃষ্টির সূতিকাগার। সেই থেকে সুরমা নদী আর কিন ব্রিজ যেন সিলেটের ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। আমাদের যেকোনো ঐতিহ্যের তদারকিতে কর্তৃপক্ষের এক ধরনের উদাসীনতা থাকে। সেতুর এ অবস্থার জন্য কর্তৃপক্ষের অবহেলাই দায়ী।’