একাংশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সাম্যবাদী দলের আরেকাংশ

সাম্যবাদী দলের নাম ‘ব্যবহার’ করে যে অংশটি বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে, তাদের বিরুদ্ধে শিগগির আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন দলটির আরেক অংশের নেতা দিলীপ বড়ুয়া। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ বড়ুয়া বলেন, সাম্যবাদী দল একটি নিবন্ধিত রাজনৈতিক দল। এ দলের পলিট ব্যুরো সদস্য পাঁচজন এবং কেন্দ্রীয় কমিটি ২৭ সদস্যের। যাঁরা বিএনপির জোটে গিয়েছেন তাঁরা সাম্যবাদী দলের কেউ নন। সাম্যবাদী দলের নাম ব্যবহার করে তাঁরা এটি করেছেন। শিগগির এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সম্প্রতি সাইদ আহমদের নেতৃত্বে সাম্যবাদী দলের একটি অংশ বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দেয়। অন্যদিকে, দিলীপ বড়ুয়ার নেতৃত্বাধীন অংশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ জোটের শরিক দল।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় প্লেনারি সেশন ও কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরা হয়। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া অভিযোগ করেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক অপশক্তির ক্রীড়নক হিসেবে জঙ্গিবাদ এবং ফ্যাসিবাদী অপশক্তিগুলো বাংলাদেশের রাষ্ট্রক্ষমতাকে কুক্ষিগত করার লক্ষ্যে বিভিন্ন অপকৌশল নিচ্ছে। খালেদা জিয়ার নেতৃত্বে এই শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে অসময়ে বাংলাদেশের বর্তমান ক্ষমতাকে পরিবর্তনের ষড়যন্ত্র ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে।’