অনিবার্য কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার দেড় মাসেও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু করা হয়নি। কবে ক্লাস ও পরীক্ষাসমূহ শুরু হবে, সে বিষয়েও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুস্পষ্ট ঘোষণা দেয়নি।
বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনৈতিক অস্থিরতার কারণে গত ২ ডিসেম্বর কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের সব ক্লাস ও পরীক্ষাসমূহ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। শিক্ষার্থীরা জানান, দেশের রাজনৈতিক পরিবেশ অনেকটা স্বাভাবিক হয়ে এলেও ক্লাস কিংবা পরীক্ষাসমূহ শুরু করার বিষয়ে দিনক্ষণ ঠিক না করায় শিক্ষাজীবন নিয়ে তাঁরা অনিশ্চয়তার মুখে পড়েছেন। এ অবস্থায় পরীক্ষা শুরু হলেও শেষ হতে আরও অন্তত এক মাস সময় লাগবে। এতে সেশনজটের মুখে পড়তে হবে তাঁদের।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাখা সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক বৈঠকে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে বিভিন্ন বিভাগের স্থগিত পরীক্ষাসমূহ পুনরায় শুরু করার সিদ্ধান্ত হয়েছে। তবে, কবে শুরু হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি। রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হক বলেন, অনিবার্য কারণে ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে, আগামী ২৪ ও ২৫ জানুয়ারি নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার পর ফেব্রুয়ারি মাসে স্থগিত পরীক্ষাগুলো শেষ করে মার্চের প্রথম সপ্তাহে পুনরায় ক্লাস শুরু হবে। কিন্তু এসব সিদ্ধান্তের বিষয়ে শিক্ষার্থীদের এখনো কোনো নোটিশ দেওয়া হয়নি।