চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়
একাডেমিক চাপ কমানোর দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

পড়ানোর (ক্লাস) সময় ও একাডেমিক চাপ কমানোর দাবিতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার অবস্থান ধর্মঘট পালন করেছেন। অতিরিক্ত একাডেমিক চাপে সম্প্রতি অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুবরণের অভিযোগ তুলে ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
অবস্থান ধর্মঘট চলাকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দেন। এতে একাডেমিক চাপের কারণে গত রোববার শুভাশীষ সেন নামের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ করা হয়। স্মারকলিপিতে বলা হয়, দ্বিতীয়বার মিডটার্ম পরীক্ষা নিতে শিক্ষকদের অনীহার কারণে শুভাশীষ অসুস্থতা নিয়ে পরীক্ষার জন্য রাতদিন প্রস্তুতি নিচ্ছিলেন। একপর্যায়ে মানসিক ও শারীরিক চাপ সইতে না পেরে রোববার মৃত্যুবরণ করেন তিনি।
শিক্ষার্থীরা জানান, একটি বিষয়ের পরীক্ষায় তিনবার অংশগ্রহণের নিয়ম থাকলেও অনেক শিক্ষক দ্বিতীয়বারই তা নিতে চান না। ফলে অনেক সময় শিক্ষার্থীদের প্রস্তুতি না থাকলেও একসঙ্গে সব পরীক্ষা দিতে বাধ্য হন। অনেক শিক্ষার্থীই এ চাপ নিতে পারছেন না। তাই এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ বলেন, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা এমনিতেই কঠিন। পড়ালেখা না করার কারণে শিক্ষার্থীরা অনেক সময় পরীক্ষা দিতে চান না। তাই অনেক জ্যেষ্ঠ শিক্ষক দুবার পরীক্ষা নিতে চান না। তবে শিক্ষার্থীরা অসুস্থ থাকলে বা যৌক্তিক কারণ দেখাতে পারলে বিষয়টি বিবেচনা করা হয়।
ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১ হাজার ৫০০ জন শিক্ষার্থী রয়েছেন। বর্তমানে সেখানে ক্লাস হয় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। শুভাশীষের মৃত্যুর পর শিক্ষার্থীরা ক্লাসের সময় ও একাডেমিক চাপ কমানোর দাবিতে সোচ্চার হন। এ দাবিতে গতকাল সকাল সাড়ে আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় তাঁরা ক্লাস বর্জন করেন। ধর্মঘট চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেখানে উপস্থিত হয়ে দাবিদাওয়া মানার আশ্বাস দিলেও শিক্ষার্থীরা ধর্মঘট চালিয়ে যান। বিকেল চারটা পর্যন্ত ধর্মঘট পালন করেন তাঁরা।
উপাচার্য গৌতম বুদ্ধ দাশ বলেন, শিক্ষার্থীরা একাডেমিক চাপের যে কথা বলছেন, তা ঠিক নয়। এর চেয়ে কম সিলেবাস পড়িয়ে পাস করতে চাইলে তা মানসম্পন্ন হবে না। শিক্ষার্থীরা ক্লাসের সময় কমানোর জন্য আন্দোলন করছেন। এটা তাৎক্ষণিকভাবে মেনে নেওয়া সম্ভব নয়। একাডেমিক কাউন্সিলের বৈঠকে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।