একাডেমিক ভবন নির্মাণের দাবিতে মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সরকারি কলেজে একাডেমিক ভবন নির্মাণের দাবিতে গতকাল মঙ্গলবার মিছিল-সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ।
গতকাল বেলা ১১টায় কলেজের শহীদ মিনারের সামনে আয়োজিত সমাবেশে ছাত্রনেতারা বলেন, কয়েক বছর ধরে কলেজের দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। কলেজে নতুন ভবন নির্মাণ না করায় ছাত্রছাত্রীদের পড়াশোনায়ও ব্যাঘাত ঘটছে।
বক্তারা বলেন, ইতিমধ্যে বিভিন্ন সময় পলেস্তারা খসে পড়ে কয়েকজন শিক্ষার্থী সামান্য আহত হয়েছেন। এখন ভূমিকম্পের আতঙ্ক নিয়ে ছাত্রছাত্রীদের ক্লাস করতে হচ্ছে। এ অবস্থায় কোনো শিক্ষার্থীর পক্ষে শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগ দেওয়া সম্ভব নয়।
পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি রিন্টু চাকমার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্রনেতা বাচ্চু চাকমা, সুমিত্র চাকমা ও সম্রাটসুর চাকমা। এর আগে কয়েক শ ছাত্রছাত্রী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা বলেন, কলেজ প্রশাসনের পক্ষ থেকে ভবন নির্মাণের জন্য সরকারের কাছে বারবার আবেদন জানানো হচ্ছে। শুধু ছাত্রছাত্রী নয়, শিক্ষকদের মধ্যেও সব সময় এই আতঙ্কে থাকে যে কখন দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, কলেজের প্রায় সব কক্ষে ফাটল দেখা দিয়েছে।