একাডেমিক ভবনে শহীদের নাম পুনঃস্থাপিত হচ্ছে
রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সুপার শাহ আবদুল মজিদের নাম মুছে ফেলার ঘটনায় গতকাল সোমবার তদন্ত হয়েছে।
বিষয়টি তদন্তের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশাকে দায়িত্ব দেওয়া হয়। তদন্তকালে কলেজ কর্তৃপক্ষ নামটি পুনঃস্থাপন করতে সম্মত হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভবন থেকে নাম মুছে ফেলার পর শহীদ পুলিশ সুপার শাহ আবদুল মজিদের মেয়ে ফারজানা শাহনাজ মজিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক রাজশাহীর পুলিশ সুপার ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের সঙ্গে টেলিফোনে কথা বলেন। টেলিফোনে তাঁদের জবাব সন্তোষজনক না হওয়ায় ২ এপ্রিল ফজলে হোসেন বাদশাকে এ তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
গতকাল ফজলে হোসেন বাদশা শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে গিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে তাঁর তদন্তকাজ সম্পন্ন করেন। ফজলে হোসেন বলেন, কলেজের একাডেমিক ভবনে শহীদ পুলিশ সুপার শাহ আবদুল মজিদের নাম ছিল, এটা সবাই স্বীকার করেছেন। এটা অপসারণের সত্যতাও পাওয়া গেছে।
সাংসদ বলেন, কলেজের বর্তমান ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নিয়ে শহীদ পুলিশ সুপার শাহ আবদুল মজিদের নাম পুনঃস্থাপন করতে একমত হয়েছেন। তিনি বলেন, তাঁরা আরেকটি ভবন করে শহীদ পুলিশ সুপার শাহ আবদুল মজিদের নামে সেই ভবনের নামকরণের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। তাই বর্তমান একাডেমিক ভবনেই নাম পুনঃস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি জানান, এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবেন।
শাহ আবদুল মজিদের পরিবার সূত্রে জানা গেছে, ১৯৭০ সালের সেপ্টেম্বরে তিনি রাজশাহীর পুলিশ সুপারের দায়িত্ব নিয়েছিলেন। ২৯ মার্চ পাকিস্তানি বাহিনী পুলিশ লাইনস নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে আবদুল মজিদ তা রক্ষার চেষ্টা করেন। ৩১ মার্চ রাজশাহী জেলা প্রশাসনের বাংলো থেকে তারা আবদুল মজিদকে ধরে নিয়ে যায়।
রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের একটি একাডেমিক ভবনের নামকরণ করা হয়েছিল মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সুপার শাহ আবদুল মজিদের নামে। সম্প্রতি ভবন থেকে আবদুল মজিদের নামটি মুছে ফেলা হয়।