নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
একাডেমিক ভবনে শিক্ষার্থীদের তালা, সব পরীক্ষা স্থগিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নামে আপত্তিকর প্রচারপত্র বিলি ও ব্যানার টানানোর প্রতিবাদে গতকাল পরীক্ষা বর্জন করে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারসহ পাঁচ দফা দাবিতে তাঁরা ক্যাম্পাসে মানববন্ধনও করেন। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা সকালেই একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। সকাল ১০টার দিকে করেন মানববন্ধন। প্রশাসনিক ভবনের সামনের গোলচত্বরে এ কর্মসূচিতে শিক্ষার্থীরা দাবি আদায়ে কর্তৃপক্ষকে পাঁচ দিনের সময় দিয়েছেন। তাঁরা সেই পর্যন্ত শিক্ষা কার্যক্রমে অংশ না নেওয়ারও ঘোষণা দেন। মানববন্ধন শেষে ১৪টি বিভাগের পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে পৃথক স্মারকলিপি দেওয়া হয়।
সূত্র জানায়, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিকেলে সব বিভাগীয় প্রধানকে নিয়ে জরুরি বৈঠকে বসেন ভারপ্রাপ্ত উপাচার্য। ওই বৈঠকে গত ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের পর থেকে এ পর্যন্ত সংঘটিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয় পরীক্ষা স্থগিতের। এ ছাড়া ভারপ্রাপ্ত উপাচার্য প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত হওয়ার পরপরই উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়। তার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যাতে স্বাভাবিক থাকে, সে বিষয়ে বিভাগীয় প্রধানদের ভূমিকা রাখতে অনুরোধ জানান ভারপ্রাপ্ত উপাচার্য।
বৈঠক শেষে ভারপ্রাপ্ত উপাচার্য আবুল হোসেন সাংবাদিকদের বলেন, একটি চক্র বিশ্ববিদ্যালয়কে অশান্ত করে রাখতে কলকাঠি নাড়ছেন। সমাবর্তন অনুষ্ঠানের সামান্য একটি বিষয়কে পুঁজি করে শিক্ষক, কর্মকর্তা এবং সর্বশেষ ছাত্রদের নানাভাবে উসকানি দিয়ে অচলাবস্থার সৃষ্টি করা হয়েছে। কিন্তু মন্ত্রণালয় থেকে প্রশাসনিক ক্ষমতা না পাওয়ায় তিনি এসব বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছেন না।
উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষকদের নির্ধারিত আসনে কয়েকজন কর্মকর্তা বসেন। শিক্ষকেরা তাঁদের আসনে বসতে চাইলে কর্মকর্তারা আসন ছাড়েননি। একপর্যায়ে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০-১২ জন শিক্ষক অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ ঘটনায় ওই দিনই শিক্ষকেরা কর্মবিরতির ডাক দেন। পরে কর্মকর্তারাও শিক্ষকদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনে কর্মবিরতির ঘোষণা দেন। শিক্ষকদের নামে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের প্যাডে আপত্তিকর মন্তব্য করে ক্যাম্পাসে প্রচারপত্রও বিলি করা হয়, টানানো হয় ব্যানারও।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দাবি করেছেন, ছাত্রদের আন্দোলনে শিক্ষক সমিতির কোনো ভূমিকা নেই। কেউ অংশ নিলে সেটি তাঁর ব্যক্তিগত দায়।