একাত্তর জার্নাল'-এর সিডি জমা দেওয়ার নির্দেশ আদালতের
একাত্তর টিভিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও আরেকজন বিচারপতির কথোপকথন-সংক্রান্ত টক শোর সিডি ১৬ আগস্টের মধ্যে জমা দেওয়ার টেলিভিশন চ্যানেলটিকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে ওই অনুষ্ঠানের সিডি আদালতে জমা দিতে একাত্তর টিভি কর্তৃপক্ষের সঙ্গে অ্যাটর্নি জেনারেলকে যোগাযোগেরও নির্দেশ দেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাঁর কার্যালয়ে সাংবাদিকদের একাত্তর টেলিভিশনকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া নির্দেশের কথা জানান। গতকাল রাতে একাত্তর টেলিভিশনের ‘একাত্তর জার্নাল’ নামের টক শোতে প্রধান বিচারপতি ও অন্য আরেকজন বিচারপতির কথোপকথনের অডিও রেকর্ড প্রচারিত হয়।
মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘গতকাল একাত্তর টেলিভিশনের একটি টক শোতে প্রধান বিচারপতি ও আরেকজন বিচারপতির কথোপকথনের অডিও রেকর্ড প্রচার করা হয়। এ নিয়ে আলোচকেরা কথাবার্তা বলেন। আমি মনে করি, এটা আদালতের জন্য অবমাননাকর। বিষয়টি আজ আদালতের নজরে এসেছে। আদালত ওই টক শোর সিডি ১৬ আগস্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে একাত্তর টিভির হেড অব আউটপুট শাকিল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা যে অডিও রেকর্ড প্রকাশ করেছি, সেটা ইতিমধ্যে আদালতে উত্থাপিত হয়েছে। যা আদালতে উত্থাপিত হয়েছে, তা প্রকাশ করলে আদালত অবমাননা হবে বলে আমরা মনে করি না।’
১৬ আগস্টের মধ্যেই তাঁরা ‘একাত্তর জার্নাল’ টক শোর সিডি আদালতে জমা দেবেন বলেও জানান তিনি।