একাত্তর টিভিকে খবর ও টক শোর ভিডিও অডিও দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভিতে বিচারাধীন বিষয় নিয়ে প্রচারিত খবর ও টক শোর ভিডিও ফুটেজ এবং সেখানে শোনানো প্রধান বিচারপতির সঙ্গে অপর এক বিচারপতির কথোপকথনের কথিত অডিও রেকর্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। ১৬ আগস্টের মধ্যে একাত্তর টিভিকে এই ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড জমা দিতে হবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদেশের আগে আদালত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলামের মতামত নেন।
এ প্রসঙ্গে মাহবুবে আলম গতকাল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, দৈনিক জনকণ্ঠ-এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় রায়ের জন্য ১৩ আগস্ট দিন ধার্য আছে। তার আগেই (গত সোমবার) একাত্তর টেলিভিশন প্রধান বিচারপতির কথোপকথনের যে রেকর্ড প্রচার করেছে, এ বিষয়ে আদালত আদেশ দিয়েছেন। যে রেকর্ড আদালতে বাজাতে দেওয়া হয়নি এবং যে বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করলে আদালত নিয়ে কুৎসা রটানো হয়, সেটি আবার দেশবাসীকে শুনিয়ে একাত্তর টিভি আদালত অবমাননা করেছে কি না, তা আদালত পরীক্ষা করবেন। এ জন্য ১৬ আগস্টের মধ্যে একাত্তর টিভিকে ওই খবর ও টক শো এবং অডিও রেকর্ড জমা দিতে আদালত নির্দেশ দিয়েছেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আদালত আমাকে বলেছেন, আমি যেন একাত্তর টিভি কর্তৃপক্ষকে আদালতের আদেশ জানিয়ে দেই।’ তিনি বলেন, প্রধান বিচারপতির ছবি দিয়ে এবং অন্য ব্যক্তির ছবি না দিয়ে যেভাবে একাত্তর টিভি কথোপকথন প্রচার করেছে, তাতে আদালত অবমাননা হয়েছে। আদালতকে তিনি এ মত জানিয়েছেন।
মাহমুদুল ইসলাম কী মত দিয়েছেন—এ প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, ‘তিনিও আমার সঙ্গে একমত হয়েছেন। সবচেয়ে বড় বিষয়, অন্যান্য গণমাধ্যম আদালতের প্রতি সম্মান দেখিয়ে বা সাংবাদিকতার নীতির প্রতি লক্ষ রেখে এটা প্রকাশ করেনি। আমার মতে, একাত্তর টিভি উদ্দেশ্যমূলকভাবে কারও দ্বারা প্রভাবিত হয়ে এটা করেছে।’