একাত্তর টিভির বিষয়ে পরে আদেশ দেবেন আদালত
বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির জমা দেওয়া খবর ও টক শোর ভিডিও ফুটেজ এবং অডিও রেকর্ড পর্যালোচনা করে পরে এ বিষয়ে আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চের কার্যতালিকায় বিষয়টি আদেশের জন্য রাখা ছিল। আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, বিষয়টি পর্যালোচনা করে পরে আদেশ দেওয়া হবে।
বিচারাধীন বিষয় নিয়ে প্রচারিত খবর ও টক শোর ভিডিও ফুটেজ এবং সেখানে শোনানো প্রধান বিচারপতির সঙ্গে অপর এক বিচারপতির কথোপকথনের কথিত অডিও রেকর্ড ১৬ আগস্ট সর্বোচ্চ আদালতে জমা দেয় একাত্তর টিভি।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গত মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে ১৬ আগস্টের মধ্যে ওই ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড জমা দেওয়ার জন্য টিভি চ্যানেলটিকে নির্দেশ দিয়েছিলেন।
আদালতের আদেশের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছিলেন, দৈনিক জনকণ্ঠ পত্রিকার বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে রায়ের তারিখ ধার্য ছিল ১৩ আগস্ট। তার আগে একাত্তর টিভি প্রধান বিচারপতির সঙ্গে অপর এক বিচারপতির কথোপকথনের কথিত রেকর্ড প্রচার করেছে। ওই রেকর্ড আদালতে বাজাতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করলে আদালত সম্পর্কে কুৎসা রটানো হয়। বিচারাধীন কোনো বিষয় নিয়ে এভাবে প্রচার ও আলাপ-আলোচনায় বিচার প্রভাবিত হতে পারে। সেটি দেশবাসীকে শুনিয়ে একাত্তর টিভি আদালত অবমাননা করেছে কি না, তা আদালত পরীক্ষা করবেন।