একাত্তরে এক ইমামের বাড়িতে লুকিয়েছিলেন আলীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের পক্ষে আজ রোববার সাক্ষ্য দিয়েছেন জয়পুরহাটের হানাইল বম্বু গ্রামের বাসিন্দা মোজাফফর হোসেন (৫৭)।

জেরায় মোজাফফর হোসেন দাবি করেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে তিনি তাঁদের পাশের গ্রাম শাহপাড়ায় মুসা মণ্ডল নামের এক ইমামের বাড়িতে আলীমকে পরিবার নিয়ে আত্মগোপন করতে দেখেছেন।
বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মোজাফফরের জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক অসুস্থতার কারণে জামিনে থাকা আলীম ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
জবানবন্দিতে মোজাফফর বলেন, একাত্তরের এপ্রিল মাসের শেষ দিকে তিনি তাঁদের গ্রামের পাশ দিয়ে পাকিস্তানি সেনা ও বিহারিদের আসতে দেখে গ্রামের একটি মসজিদে আশ্রয় নেন। সেখানে এক ঘণ্টা থাকার পরে বাড়ি যান। এর ৪০ মিনিট পর গুলির শব্দ শোনেন। বাইরে বেরিয়ে বুঝতে পারেন এই শব্দ পাশের কড়ই কাদিপুর গ্রাম থেকে আসছে। এর দুই-তিন দিন পরে কড়ই কাদিপুর গ্রামের লোকদের সঙ্গে তাঁর দেখা হলে তিনি শোনেন, ওই গ্রামে পাকিস্তানি সেনা ও বিহারিরা লোকদের হত্যা করেছে। তাঁরা চলে গেলে গ্রামের মানুষ মৃতদেহ মাটিচাপা দেয়। এরপর কড়ই কাদিপুরে স্বাভাবিক অবস্থা ফিরে আসে।
আসামিপক্ষের এ সাক্ষী বলেন, একাত্তরে তিনি পাশের গ্রাম শাহপাড়া থেকে নিয়মিত খাওয়ার জন্য সর্ষের তেল নিয়ে আসতেন। জুলাইয়ের শেষে বা আগস্টের প্রথম দিকে তিনি ওই গ্রামে গেলে পথে প্রতিবেশী মুসা মওলানার সঙ্গে তাঁর দেখা হয়। মুসা মওলানা তাঁর জন্য তেল আনতে বলেন। এ সময় মুসা বাড়ির ভেতরে ঢুকলে তিনিও কিছুক্ষণ পর মুসার বাড়িতে ঢোকেন। তখন তিনি এক ব্যক্তিকে দেখে মুসা মওলানার কাছে ওই ব্যক্তির পরিচয় জানতে চান। মুসা মওলানা তাঁকে জানান, ওই ব্যক্তির নাম আলীম। তিনি নিরাপত্তার জন্য নিজ এলাকা ছেড়ে তাঁর বাড়িতে আত্মগোপন করেছেন। মুসা মওলানা তাঁকে আরও বলেন, তিনি জয়পুরহাট শহরের মাছুয়া বাজার জামে মসজিদের ইমাম। আলীম ওই মসজিদের নিয়মিত মুসল্লি।
জবানবন্দি শেষে মোজাফফর হোসেনকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। রানা দাশগুপ্ত জানতে চান, আপনি যে মসজিদে আশ্রয় নেওয়ার কথা বলছেন তার পাশের রাস্তা দিয়ে কড়ই কাদিপুর গ্রামে যাওয়া যায়? জবাবে সাক্ষী হ্যাঁ সূচক জবাব দেন। কৌঁসুলি মত দেন, আলীমের পরিবারের সঙ্গে আপনাদের পারিবারিক ঘনিষ্ঠতা থাকায়, আলীমের সঙ্গে রাজনৈতিক আদর্শে মিল থাকায় এবং তাঁকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থেকে বাঁচাতে তাঁর পক্ষে মিথ্যা সাক্ষ্য দিলেন। জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়’। মোজাফফর হোসেনের জেরা শেষে এ মামলায় শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করা হয়।