একাত্তরে কামারুজ্জামানকে তিনি আলবদর প্রধান হিসেবে চিনতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী মো. জিয়াউল ইসলাম জেরায় বলেছেন, একাত্তরে তিনি কামারুজ্জামানকে ময়মনসিংহে আলবদর বাহিনীর প্রধান হিসেবে চিনতেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জিয়াউলকে গতকাল বুধবার জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। এ সময় কামারুজ্জামান আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।কফিল উদ্দিন চৌধুরী জানতে চান, সাক্ষী কোন সেক্টরে যুদ্ধ করেছেন, সেখানে সেক্টর কমান্ডার কে ছিলেন? জবাবে জিয়াউল বলেন, তিনি ১১ নম্বর সেক্টর কমান্ডার কর্নেল তাহের ও হামিদউল্লাহর অধীনে যুদ্ধ করেছেন। ময়মনসিংহে আলবদর বা আলশামসের নেতা হিসেবে কাদের চিনতেন—এ প্রশ্নে তিনি বলেন, কয়েকজনকে চিনতেন। তাঁদের মধ্যে ছিলেন শান্তি কমিটির প্রধান আবদুল হান্নান, ময়মনসিংহে আলবদর বাহিনীর প্রধান কামারুজ্জামান ও সদরের আলবদর কমান্ডার মাহাবুব ফকির। রাজাকার ও আলশামসের কমান্ডার কে ছিলেন তা বলতে পারবেন না।এক প্রশ্নের জবাবে জিয়াউল বলেন, তিনি তাঁর বাবা হত্যার বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। একাত্তরে ভারতে একনাগাড়ে কত দিন ছিলেন—কফিল উদ্দিনের এ প্রশ্নে সাক্ষী বলেন, তিনি একাত্তরের ১০ ডিসেম্বর পর্যন্ত ভারতে ছিলেন। কফিল উদ্দিন সাক্ষীর মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ ও যুদ্ধে অংশ নেওয়ার বিষয়ে খুঁটিনাটি প্রশ্ন করলে একপর্যায়ে ট্রাইব্যুনাল আইনজীবীকে বলেন, ‘আপনি কি প্রমাণ করতে চাইছেন, সাক্ষী মুক্তিযোদ্ধা ছিলেন না?’ জবাবে আইনজীবী ‘হ্যাঁ’ বললে সাক্ষী বলেন, ‘আপনি (আইনজীবী) এ বক্তব্য এক্সপাঞ্জ করেন, না হলে আমি আপনার বিরুদ্ধে মামলা করব।’২৩ নভেম্বর আপনার (সাক্ষী) বাবাকে আলবদররা ধরে নিয়ে হত্যা করেছে—এ দৃশ্য কেউ দেখেছে? এ প্রশ্নে সাক্ষী বলেন, সে সময় রাতে শহরে আলবদর ও পাকিস্তানি সেনা ছাড়া কেউ চলাচল করত না, আর কারও পক্ষে এটি দেখা সম্ভবও ছিল না।জেরার শেষ পর্যায়ে আইনজীবী মত (সাজেশন) দেন, আপনার বাবার হত্যার বিষয়ে কামারুজ্জামানকে জড়িয়ে যেসব কথা বলেছেন, তা মিথ্যা, ষড়যন্ত্রমূলক, বানোয়াট এবং উদ্দেশ্যমূলক। সাক্ষী বলেন, এটা সত্য নয়।ট্রাইব্যুনাল এ মামলায় ২৪ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।আলীমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীকে জেরা ২৪ সেপ্টেম্বর: একই ট্রাইব্যুনালে গতকাল বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী সাইদুর রহমানকে আসামিপক্ষের জেরা হয়নি। আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান অসুস্থ জানিয়ে আসামিপক্ষের অপর আইনজীবী তাজুল ইসলাম সময়ের আবেদন জানান। ট্রাইব্যুনাল আসামিপক্ষকে পরবর্তীতে বিকল্প আইনজীবীর ব্যবস্থা করতে বলেন এবং ২৪ সেপ্টেম্বর জেরার দিন পুনর্নির্ধারণ করেন।মতিয়া চৌধুরীর ব্যাখ্যা দেওয়ার দিন পুনর্নির্ধারণ: আদালত অবমাননার অভিযোগের বিষয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর ব্যাখ্যার জন্য ৪ অক্টোবর দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আইনজীবীর মাধ্যমে গতকাল বুধবার এই ব্যাখ্যা দেওয়ার দিন নির্ধারিত ছিল। মতিয়া চৌধুরীর আইনজীবী এম কামরুল হক সিদ্দিকীর পক্ষে তাঁর সহকারী রেজিয়া সুলতানা গতকাল ট্রাইব্যুনালে সময়ের আরজি জানালে ট্রাইব্যুনাল তা গ্রহণ করে দিন পুনর্নির্ধারণ করেন।কামারুজ্জামানের আইনজীবী তাজুল ইসলাম গত ২৯ আগস্ট মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে ট্রাইব্যুনালে আবেদন করেন। শুনানিতে আইনজীবী তাজুল বলেন, ৭ আগস্ট মতিয়া চৌধুরী শেরপুরে গরিবদের মধ্যে সেমাই, চিনি প্রভৃতি বিতরণকালে যে বক্তব্য দিয়েছেন, তা আদালত অবমাননার শামিল। আইনজীবী তাঁর বক্তব্যের সমর্থনে ট্রাইব্যুনালে দুটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনও উপস্থাপন করেছিলেন।