একাত্তরে বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার জন্য ক্ষমা চেয়েছেন দেশটির লেবার পার্টির নেতা ফারুক তারিক।গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে দক্ষিণ এশীয় সোশ্যাল ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় ক্ষমা চান পাকিস্তানি এ রাজনীতিক।ফারুক তারেক বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী যে গণহত্যা চালিয়েছে, সে জন্য আমরা পাকিস্তানিরা লজ্জিত। পাকিস্তান সরকারের উচিত অবিলম্বে গণহত্যার জন্য বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। আমি এ ঘটনায় বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছি।’ তিনি আরও বলেন, পাকিস্তানের সেনাবাহিনী নিজ দেশেও মৌলবাদী গোষ্ঠীর সহায়তায় বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে।পাকিস্তানের লেবার পার্টির সাবেক সাধারণ সম্পাদক ফারুক তারেক বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী জামায়াতে ইসলামী, রাজাকার, আলবদরদের সহায়তায় বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ করেছে। তিনি আরও বলেন, ‘আজই পত্রিকায় পড়েছি, পাকিস্তানি সেনাদের সহায়তাকারী জামায়াতের এক নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারকাজ শুরু করেছে। এটা পড়ে খুব আনন্দিত হয়েছি।’বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন বলেন, পাকিস্তানি রাজনীতিকের পক্ষে একাত্তরে গণহত্যার বিষয়ে ক্ষমা চাওয়ার ঘটনা খুবই ইতিবাচক। তিনি আরও বলেন, ধর্মভিত্তিক রাজনীতির মাধ্যমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ—তিন দেশেই মৌলবাদ বিস্তারের পথ প্রশস্ত হয়েছে। পাকিস্তানে তালেবানের উত্থান, ভারতের সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে মুসলমানদের হত্যা এবং বাংলাদেশে বাংলা ভাইদের অপকর্ম এরই ফল।জাসদের সভাপতি ও সাংসদ হাসানুল হক ইনু বলেন, মানুষের পরিচয় হওয়া উচিত প্রথমে সে মানুষ, তারপর জাতি এবং সর্বশেষ তাঁর ধর্ম। মানুষ ও জাতীয় পরিচয়ের আগে ধর্মকে স্থান দিলেই সমস্যার সৃষ্টি হয়।ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআইএম) কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সেলিম বলেন, প্রতিটি ধর্মেই মৌলবাদ রয়েছে। মৌলবাদীরা কেবল অন্য ধর্মের ওপরই আক্রমণ করে না, নিজ ধর্মের প্রগতিবাদী মানুষের ওপরও আক্রমণ করে। তারা ধর্মকে স্বার্থের হাতিয়ার হিসেবে ব্যবহার করে।সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায়ের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান, নারী নেত্রী রোকেয়া কবির, আদিবাসী নেতা মঙ্গল কুমার চাকমা প্রমুখ।