একাত্তরে জামায়াতের ভিন্ন অবস্থান ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম দাবি করেছেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভিন্ন অবস্থান ছিল। তাঁদের ভিন্ন মত ছিল। তবে তাঁরা কোনো অপরাধ করেননি।রাজধানীর বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে এ টি এম আজহার এসব কথা বলেন। একাত্তরে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের কর্মসূচি কী ছিল—জানতে চাইলে তিনি বলেন, ‘সে সময়ের পত্রিকা পড়ে দেখেন কী অবস্থানে ছিলাম।’একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের শীর্ষস্থানীয় চার নেতার বিচার-প্রক্রিয়া নিয়ে বক্তব্য জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্যের পর ১৯৭১ সালে জামায়াতের অবস্থান নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন সাংবাদিকেরা। অনেক প্রশ্নেরই সুনির্দিষ্ট জবাব দেওয়া হয়নি।মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরোধিতা করা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে এ টি এম আজহার বলেন, ‘শেখ মুজিবুর রহমান সাহেব এই প্রক্রিয়ার ইতি টেনে গেছেন। তাঁর আমলে পাকিস্তান সেনাবাহিনীর ১৯৫ জনকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করা হয়েছিল। তাদের পাকিস্তান চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল।...যারা ’৭১ সালে যুদ্ধ করেছিল, লাখ লাখ মানুষকে হত্যা করেছিল, মা-বোনদের ধর্ষণ করেছিল তাদের ছেড়ে দিয়ে এখন রাজনৈতিক কারণে জামায়াতকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনি (শেখ মুজিবুর রহমান) যে দালাল আইন করেছিলেন, তাতে এক লাখের বেশি মানুষকে বন্দী করা হয়েছিল। পরে ৩৪ হাজারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। আড়াই হাজারের বেশি সাজা হয়েছিল। কিন্তু বর্তমানে যাদের অভিযুক্ত করা হচ্ছে, সে সময় তাদের কারও বিরুদ্ধে দালাল আইনে কোনো অভিযোগ করা হয়নি।’জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল দাবি করেন, জামায়াত মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী সদস্য ছিল না। বাংলাদেশের কোনো এলাকায় শান্তি কমিটির চেয়ারম্যান জামায়াতের ছিলেন না। আওয়ামী লীগ বা মুসলিম লীগের নেতারাই এসব কমিটির চেয়ারম্যান ছিলেন। কাজেই শান্তি কমিটি কোনো অপকর্ম করলে সেটার দায় আওয়ামী লীগ বা মুসলিম লীগের, জামায়াতের নয়। আপনারা তখন রাজনৈতিকভাবে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে ছিলেন। এটা কি গণহত্যাকে সমর্থন দেওয়া বোঝায় কি না’—জানতে চাইলে এ টি এম আজহার বলেন, ‘এখনো কি আমরা সব কিছুর বিরোধিতা করতে পারি? তৎকালীন সময়েও জামায়াত অনেক কিছু বলতে পারেনি।’ কীভাবে বিচার হলে মেনে নেবেন—জানতে চাইলে জামায়াত নেতা বলেন, ‘আমরা বলেছি, এটা একটি মীমাংসিত ইস্যু।’ তবে একই রকম আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মানবতাবিরোধী সব অপরাধের বিচার চাই। সেটা ’৭১ থেকে শুরু করে ২০১০ সালের ৪ আগস্ট পর্যন্ত হোক।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, পল্লবী হত্যাকাণ্ডের বিচার প্রচলিত আইনে সাধারণ আদালতে হলে জামায়াতের আপত্তি নেই।