একাত্তরে ডালিম হোটেল ছিল মৃত্যুর কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে গুপ্তঘাতক আলবদর বাহিনীর চট্টগ্রামের সদর দপ্তর ডালিম হোটেল পরিণত হয়েছিল মৃত্যুর কারখানায় (ডেথ ফ্যাক্টরি)। আর এই ডালিম হোটেলের নেতৃত্ব ও নির্দেশনায় ছিলেন মীর কাসেম আলী।
মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামে আলবদর বাহিনীর প্রধান ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর্যবেক্ষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এসব কথা বলেন। গতকাল রোববার এই ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন। ৩৫১ পৃষ্ঠার রায়ে ৮৫০ বার ডালিম হোটেলের নাম উল্লেখ রয়েছে।
চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় টিঅ্যান্ডটি কার্যালয়ের পেছনেই ডালিম হোটেলের অবস্থান। একাত্তরে হিন্দু পরিবারের মালিকানাধীন এই ভবনের নাম ছিল ‘মহামায়া ডালিম ভবন’। মুক্তিযুদ্ধ শুরু হলে ওই পরিবার পালিয়ে গেলে আলবদররা বাড়িটি দখল করে নাম দেয় ডালিম হোটেল।
মীর কাসেমের বিরুদ্ধে গঠন করা ১৪টি অভিযোগের মধ্যে ১২টি নির্যাতনের এবং দুটি নির্যাতনের পর হত্যার। ১৪টি ঘটনাই ঘটেছে ডালিম হোটেলে। মীর কাসেম মানিকগঞ্জের বাসিন্দা ছিলেন। তবে তাঁর বাবা ছিলেন নন্দনকাননের টেলিগ্রাফ অফিসের কর্মী। সেই সুবাদে তাঁর চট্টগ্রামে থাকা। একাত্তরে ২০ বছর বয়সে তিনি চট্টগ্রাম কলেজের ছাত্র ছিলেন। তরুণ বয়সেই যোগ দেন জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘে (বর্তমানে ইসলামী ছাত্রশিবির। হন ছাত্রসংঘের চট্টগ্রাম শাখার সভাপতি। আলবদর বাহিনীর তৃতীয় শীর্ষ নেতা ছিলেন তিনি।
মীর কাসেমের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের ১ নম্বর সাক্ষী সৈয়দ এমরান সাক্ষ্যে বলেছেন, ‘ডালিম হোটেলে তাঁকে ধরে নিয়ে লাঠি দিয়ে পেটানো হয়। এরপর ইলেকট্রিক শক দিয়ে জানালার সঙ্গে পিছমোড়া করে বেঁধে পেটানো হয়। এসব নির্যাতনের মাধ্যমে রাজাকাররা মুক্তিযোদ্ধাদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করত।’
রায়ে বলা হয়েছে, ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী সানাউল্লাহ চৌধুরী তাঁর সাক্ষ্যে বলেছেন, ‘ডালিম হোটেলে মীর কাসেম আলীর নির্দেশনা ও নেতৃত্বে বদর সদস্যরা মুক্তিযোদ্ধা ও তাঁদের স্বজনদের ধরে এনে নির্যাতন করত। তাঁকেও এখানে অমানবিক নির্যাতন করা হয়েছে।’
রাষ্ট্রপক্ষের ৩ নম্বর সাক্ষী চট্টগ্রামের দৈনিক পূর্বদেশ-এর বর্তমান নির্বাহী সম্পাদক নাসিরুদ্দিন চৌধুরী বলেছেন, ‘ডালিম ক্যাম্পে তাঁর শরীরের স্পর্শকাতর ও সংবেদনশীল স্থানে আঘাত করা হয়েছে। ইলেকট্রিক শক দিত। পা ওপরে মাথা নিচের দিকে ঝুলিয়ে পেটানো হয়েছে। জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে।’
ডালিম হোটেলে একাত্তরে নির্যাতনের শিকার রাষ্ট্রপক্ষের ১৬ নম্বর সাক্ষী মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী তাঁর সাক্ষ্যে বলেছেন, তাঁকে চোখ বেঁধে বাসা থেকে ডালিম হোটেলে নিয়ে ২৩ দিন নির্যাতন করা হয়। মীর কাসেম আলীকে তিনি সেখানেই দেখতে পান।
এ ছাড়া মৃদুল কুমার দে, শিবু দাস ও প্রদীপ তালুকদারসহ সবাই ডালিম হোটেলের নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। তাঁরা বলেছেন, এখানে নির্যাতনের শিকার কোনো মানুষ পানি চাইলে তাঁদের মুখে প্রস্রাব করে দিত রাজাকাররা। বৈদ্যুতিক শক দেওয়া হতো। ডালিম হোটেলে ন্যাপ নেতা সাইফুদ্দিন খান, তৎকালীন জেলা ন্যাপের সভাপতি এ এন নুরুন্নবী, অরুণ কুমার চৌধুরী, শফিউল আলম চৌধুরী, ইরশাদ কামাল খান, মোসলেহ উদ্দিন খান, জাহাঙ্গীর চৌধুরী, চীনপন্থী ন্যাপ নেতা মো. সেলিম এবং মেজবাহ খানের নির্যাতিত হওয়ার কথাও উঠে এসেছে রায়ে।
সাক্ষীদের বর্ণনা ও তথ্য-উপাত্তের পর রায়ের ২২৫ পৃষ্ঠায় উপসংহারে বলা হয়েছে, এটি পরিষ্কার মুক্তিযুদ্ধের সময় ডালিম হোটেলে এনে মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষকে আটকে রেখে নির্যাতন ও হত্যা করা হয়েছে। রায়ের ২২৬ পৃষ্ঠায় দোষী সাব্যস্ত করে মীর কাসেমকে যে দণ্ড দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে ডালিম হোটেলের নির্যাতন ক্যাম্প পরিচালিত হয়েছে মীর কাসেম আলীর নির্দেশে। জসীমউদ্দিন, রঞ্জিত দাস ও টুনটু সেনকে এখানেই নির্যাতন করে হত্যা করা হয়েছে।
রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল বলেন, ‘রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ডালিম হোটেলে স্থাপিত এই নির্যাতনকেন্দ্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব ছিল মীর কাসেম আলীর।’
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ বলেন, ‘এই রায়ে সবচেয়ে বেশি উঠে এসেছে ডালিম হোটেলের নির্যাতনের কথা। সারা দেশের ক্যাম্পগুলোতে যে ভয়াবহ নির্যাতন হয়েছে ডালিম হোটেল সেই চিত্রই তুলে ধরেছে।’
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রথম আলোকে বলেন, ‘ঈদের দিন কিশোর মুক্তিযোদ্ধা জসীমউদ্দিনকে ওই ক্যাম্পে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ইতিহাসের সব সত্য আজ উদ্ঘাটিত হচ্ছে।’