একাত্তরে তিনি ও কামারুজ্জামান একসঙ্গে পালিয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মো. মনোয়ার হোসেন খান ওরফে মোহন মুন্সী জেরায় বলেছেন, একাত্তরে শেরপুর স্বাধীন হওয়ার দুই দিন আগে তিনি ও তাঁর ‘স্যার’ কামারুজ্জামান একসঙ্গে পালিয়েছিলেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল মঙ্গলবার মোহন মুন্সীকে তৃতীয় ও শেষ দিনের মতো জেরা করে আসামিপক্ষ। তিনি এই মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী হিসেবে গত ২৫ জুলাই জবানবন্দি দেন। মুক্তিযুদ্ধকালে তিনি ছিলেন শেরপুর শহরে সুরেন্দ্র মোহন সাহার বাড়িতে স্থাপিত আলবদর বাহিনীর ক্যাম্পের পাহারাদার। জবানবন্দি দেওয়ার সময় তিনি কামারুজ্জামানকে ‘স্যার’ ও ‘বস’ বলে সম্বোধন করেন। আসামির কাঠগড়ায় কামারুজ্জামানের উপস্থিতিতে মোহন মুন্সীকে গতকাল জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। আলবদর ক্যাম্পে কামারুজ্জামান সভা করার সময় সাক্ষী কোথায় ছিলেন—আইনজীবীর এ প্রশ্নের জবাবে তৎকালীন আলবদর সদস্য মোহন মুন্সী বলেন, কামারুজ্জামান যখন দোতলায় সভা করতেন, তখন তিনি নিচতলায় থাকতেন। প্রিন্সিপাল হান্নানকে (শেরপুর কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নান) ধরে আনার কত দিন পর আসকর ডাক্তারকে ধরে আনা হয়েছিল—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রিন্সিপাল হান্নানকে ধরে আনার দুই দিন পর আসকরকে ধরে আনা হয়। আসকর এখনো বেঁচে আছেন। সুরেন সাহার (সুরেন্দ্র মোহন সাহা) বাড়িতে স্থাপিত ক্যাম্পে সুশীলকে ধর্মান্তরিত করার সময় সাক্ষী কি সেখানে ছিলেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ।কফিল উদ্দিন প্রশ্ন করেন, প্রিন্সিপাল হান্নান, আসকর ডাক্তার, মোস্তফা ও সুশীলের ঘটনার কত দিন পর কাজলকে ধরে আনা হয়? মোহন মুন্সী বলেন, ২০-২৫ দিন পর। মুক্তিযোদ্ধা জহিরুল হক মুন্সীর সঙ্গে কতবার দেখা হয়েছে—এ প্রশ্নের জবাবে বলেন, মুক্তিযুদ্ধকালে একবার দেখেছেন। রাজাকার নিয়োগ, বদলি প্রভৃতি কি কামারুজ্জামান করতেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজাকার নিয়োগ, বদলি করত পাকিস্তানি সেনারা। কামারুজ্জামান আলবদর সদস্যদের নিয়োগ, বদলি নিয়ন্ত্রণ করতেন। শেরপুরের রাজাকার ও আলবদর কমান্ডার কে ছিলেন—এর জবাবে সাক্ষী বলেন, শেরপুরের রাজাকার কমান্ডার ছিলেন জয়নাল ও আলবদর কমান্ডার ছিলেন কামারুজ্জামান। রাতে ক্যাম্পের দোতলায় কারা থাকতেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, রাতে দোতলায় তালা দেওয়া থাকত। তিনি (সাক্ষী) অন্য আলবদর সদস্যদের সঙ্গে নিচে থাকতেন। এ সময় সাক্ষী বলেন, ‘শেরপুর স্বাধীন হওয়ার দুই দিন আগে ক্যাম্প থেকে আমি এবং আমার স্যার কামারুজ্জামান একসঙ্গে পালিয়েছি। দেশ স্বাধীন হওয়ার বেশ কয়েক বছর পরে তাঁর (কামারুজ্জামান) সঙ্গে আবার দেখা হয়। জেরার শেষ পর্যায়ে আইনজীবী মত (সাজেশন) দেন, কামারুজ্জামানের বিরুদ্ধে সাক্ষী মিথ্যা ও বানোয়াট সাক্ষ্য দিয়েছেন। মোহন মুন্সী বলেন, এটা সত্য নয়।আজ বুধবার এ মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা।