একাত্তরে নির্যাতিত নারীদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার দাবি
মুক্তিযুদ্ধকালে নির্যাতনের শিকার নারীদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার দাবি জানানো হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সারা দেশের নির্যাতিত নারীদের একত্র করে রাষ্ট্রীয় এই সম্মান দেওয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে ‘নারীর প্রতি সহিংসতা এবং মূল্যবোধের পুনর্নির্মাণ: পরিপ্রেক্ষিত ১৯৭১’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ দাবি জানান। সেমিনারে বক্তারা মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ একটি স্মৃতিস্তম্ভ ও আর্কাইভ প্রতিষ্ঠার দাবি জানান। সেই সঙ্গে তাঁরা মুক্তিযুদ্ধকালে নির্যাতিত নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজে তাঁদের মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর ব্যবস্থা গ্রহণেরও প্রস্তাব দেন। ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ও রিসার্চ ইনিশিয়েটিভ অ্যান্ড ডেভেলপমেন্ট এ সেমিনারের আয়োজন করে।সেমিনারে সভাপতির বক্তব্যে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধে নির্যাতিত এই নারীদের অবদান অস্বীকার করা কোনো জাতির পক্ষে গৌরবের হতে পারে না। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সারা দেশের নির্যাতিত এই নারীদের একত্র করে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হোক। আমরা এই নারীদের সামাজিক নিরাপত্তা চাই।’ তিনি বলেন, শুধু ভাত, কাপড় ও চিকিৎসার নিরাপত্তা নয়, সমাজে তাঁদের মর্যাদা শক্তভাবে প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের অবদানসংক্রান্ত তথ্য, ছবি ও দলিল সংরক্ষণের জন্য একটি আর্কাইভ ও স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠার দাবি জানান তিনি।সেলিনা হোসেন বলেন, ৯ নম্বর সেক্টরে বীথিকা ও শিশির কণা নামের দুজন নারী একই ইউনিফর্ম পরে রাইফেল কাঁধে নিয়ে একইভাবে সহযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করেছেন। কিন্তু স্বাধীনতার পরে তাঁরা কেউ ভালোবাসার মানুষ খুঁজে পাননি। তাঁদের অপরাধ ছিল, তাঁরা যুদ্ধ করেছেন। শিশু বিকাশ কেন্দ্রের প্রশাসক সাঈদা জামান বলেন, ‘নানা কারণে অসংখ্য অবহেলিত মুক্তিযোদ্ধার মতো এই নারীদের আমরা সম্মানিত করতে পারিনি। সরকার তাঁদের তালিকা প্রণয়ন করে রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের জন্য ব্যবস্থা নেবে বলে আশা করছি।’ ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির চেয়ারপারসন এবং রিসার্চ ইনিশিয়েটিভ অ্যান্ড ডেভেলপমেন্টের আহ্বায়ক এম এ হাসানের সঞ্চালনায় সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনসুর মুসা, চিকিৎসক নায়লা জামান খান, কবি কাজী রোজী, সাংবাদিক নাঈমুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন। নির্যাতিত নারী ও নারী মুক্তিযোদ্ধাদের অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকার করে একটি স্মৃতিস্তম্ভ ও কমপ্লেক্স নির্মাণের জন্য একখণ্ড জমি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে এম এ হাসান বলেন, ‘এ বিষয়ে পৃথিবীর নানা দেশ আমাকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এখন যদি রাষ্ট্র একখণ্ড জমি দেয়, তাহলে কাজটি চলমান হতে পারে।’