একাত্তরে পাকিস্তান গণহত্যা চালায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অ্যাডাম জোনস বলেছেন, পশ্চিম পাকিস্তান ‘সার্চলাইট’ নামে ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে যে অপারেশন চালিয়েছে তা যুদ্ধ নয়, গণহত্যা। আর এ হত্যা ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত।
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির মিলনায়তনে গতকাল সোমবার সোসাইটির সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে দ্বিতীয় মাসিক সাধারণ সভায় ‘বাংলাদেশে গণহত্যা: ১৯৭১ থেকে শিক্ষা’ শীর্ষক এক বিশেষ বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বিংশ ও একবিংশ শতাব্দীর আলোচিত সব গণহত্যার সঙ্গে একাত্তরের ঘটনার তুলনামূলক ও তত্ত্বীয় আলোচনা করেন। অ্যাডাম জোনস জাতিসংঘের গণহত্যা নিরোধসংক্রান্ত বিশেষ উপদেষ্টা ও বিশেষজ্ঞ।
বক্তৃতায় অ্যাডাম জোনস বলেন, পূর্ব পাকিস্তানের একটি অভিজাত শ্রেণীকে লক্ষ্য করে তারা এ হামলা চালিয়েছিল। রাজনৈতিক নেতা ও বুদ্ধিজীবীরা তাদের মূল লক্ষ্য হলেও তাদের আক্রমণ থেকে বাদ যায়নি হিন্দু ও নারীরাও।
অ্যাডাম জোনস আরও বলেন, দলিলপত্রে দেখা যায়, একাত্তরে পাকিস্তান দুই অঞ্চলের মধ্যে যুদ্ধ হচ্ছে বলে প্রচার করেছিল। কিন্তু মূলত বিশ্বকে তারা এ কথা বলে বোকা বানিয়েছে।
হত্যাযজ্ঞ চালানোর কারণ সম্পর্কে অ্যাডাম জোনস বলেন, শুধু একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর নিজেদের সুবিধার জন্য ৩০ লাখ মানুষকে প্রাণ দিতে হয়েছে।
পূর্ব পাকিস্তান থেকে কেউ সরকারপ্রধান হলে পশ্চিমারা অবৈধ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় সেনাবাহিনী ঠান্ডা মাথায় এ পরিকল্পনা করে।