একাত্তরে বাবা হত্যার বিচার চেয়ে ছেলের মামলা
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাবার হত্যার বিচার চেয়ে আজ মঙ্গলবার মামলা করেছেন যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের আবদুল করিম। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহমিদা জাহাঙ্গীর মামলাটি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন শ্রীরামপুর গ্রামের আমিন উদ্দীন মাস্টার (৮০), আকের আলী (৭০) ও আজাহার আলী (৬৫), ভাল্লুকঘর গ্রামের আকরাম আলী (৭০) ও চালিতাবাড়ি গ্রামের কাসেম আলী (৬৫)।
মামলার নথিতে বলা হয়েছে, ১৯৭১ সালের ৪ মে আসামিরা শ্রীরামপুর গ্রামের বাড়ি থেকে বাবা জুলমত আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়। রাজাকার ক্যাম্পে নিয়ে নির্যাতনের চার দিন পর বাড়ির সামনের রাস্তায় জুলমতকে এনে গ্রামবাসীর সামনে আমিন উদ্দিন গুলি করে ও অন্যরা বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যার পর লাশ ফেলে যায়।
এত দিন পরে মামলা করার কারণ জানতে চাইলে মামলার বাদী আবদুল করিম বলেন, ‘মামলার আসামিরা অত্যন্ত প্রভাবশালী। আমাকে মেরেও ফেলতে পারে। সেই ভয়ে এত দিন মামলা করতে সাহস পাইনি।’ এখন পরিস্থিতি অনুকূলে এসেছে বলে তিনি মামলা করেছেন বলে জানান।
মুক্তিযুদ্ধের সময় আবদুল করিমের বয়স ছিল দুই বছর। তিনি তাঁর বাবাকে হত্যার ঘটনা তাঁর মায়ের কাছ থেকে শুনেছেন। তবে তাঁর মা মারা গেছেন।
মুক্তিযোদ্ধা সংসদের কেশবপুর ইউনিট কমান্ডার আনিছুর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘একাত্তরে স্থানীয় ত্রিমোহিনী বাজারে একজনকে প্রকাশ্যে হত্যা করা হয়। সেখানে আমিন উদ্দীন উপস্থিত ছিলেন। আমিন উদ্দীন দুর্ধর্ষ প্রকৃতির লোক ছিলেন। কেশবপুরের রাজাকারের শিরোমণিও তিনি। এক রাত একদিন বলেও মুক্তিযুদ্ধের সময়ে তাঁর নির্যাতনের ইতিহাস বলে শেষ করা যাবে না।’
মজিদপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের (শ্রীরামপুর) সাবেক সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম দফাদার প্রথম আলোকে বলেন, ‘চোখ ও হাত বাঁধা অবস্থায় জুলমতকে গুলি করে হত্যা করা হয়েছিল। তখন আমরা তাকে মাটি চাপা দিয়ে দাফন করেছিলাম।’