বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ৩২তম সাক্ষী বাসন্তী ঘোষ (৬৫)। জবানবন্দিতে তিনি একাত্তরে উনসত্তরপাড়া গ্রামে অনেকের সঙ্গে তাঁর স্বামী মনোরঞ্জন ঘোষের হত্যাকাণ্ডের বিবরণ দেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বাসন্তীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজান থানার উনসত্তরপাড়া গ্রামে। তাঁর এক মেয়ে ও এক ছেলে। একাত্তরে মেয়ের বয়স ছিল আড়াই বছর, ছেলের ছিল দুই মাস। মুক্তিযুদ্ধকালে একদিন তাঁর স্বামী মনোরঞ্জন ঘোষ বাজার করে বাড়ি ফেরেন। তখন একজন পাকিস্তানি সেনা ও একজন বাঙালি তাঁর স্বামীকে জাপটে ধরে। তিনিও স্বামীকে জাপটে ধরলে পাকিস্তানি সেনা তাঁকে মারধর করে। পরে তাঁর স্বামীকে ক্ষিতিশ মহাজনের বাড়িতে নিয়ে অনেক লোকের সঙ্গে সারিতে দাঁড় করিয়ে হত্যা করা হয়। দুই দিন পর মনোরঞ্জনের মরদেহ বাড়িতে নিয়ে আসেন তাঁর (মনোরঞ্জন) ভাই। ক্ষিতিশ মহাজনের বাড়িতে তৈরি করা স্মৃতিসৌধে তাঁর স্বামীর নাম আছে।জবানবন্দি শেষ হলে বাসন্তীকে জেরা করেননি আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৬ মে (সোমবার) দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।সাকা চৌধুরীর বিরুদ্ধে গঠিত ষষ্ঠ অভিযোগ হলো, একাত্তরে উনসত্তরপাড়ায় গণহত্যা-সংক্রান্ত। এ অভিযোগে বলা হয়েছে, একাত্তরের ১৩ এপ্রিল বিকেলে সাকা চৌধুরী, তাঁর কয়েকজন অনুসারী ও পাকিস্তানি সেনারা হিন্দু-অধ্যুষিত গ্রাম উনসত্তরপাড়ায় অভিযান চালায়। সাকা চৌধুরীর উপস্থিতিতে পাকিস্তানি সেনারা এলাকার হিন্দুদের স্থানীয় ক্ষিতিশ মহাজনের বাড়ির পুকুরপাড়ে নিয়ে জড়ো করে হত্যা করে। এ হত্যাকাণ্ডে ৬০ থেকে ৭০ জন মারা যান।শাহজাহানকে আসামিপক্ষের জেরা শেষ: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলীকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১২ মে দিন ধার্য করা হয়।গত ৩০ এপ্রিল রাষ্ট্রপক্ষের এই সাক্ষীর দেওয়া জবানবন্দি অনুসারে, একাত্তরের ২৮ নভেম্বর তিনি পাবনায় পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়লে নিজামীর উপস্থিতিতে তাঁকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল।