
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন আসামিপক্ষের দ্বিতীয় সাক্ষী নিজাম আহমেদ। জবানবন্দিতে তিনি দাবি করেন, একাত্তরের এপ্রিলে পাকিস্তানের করাচিতে সাকা চৌধুরীর সঙ্গে তাঁর দেখা হয়েছে। বিচারপতি এ টি এম ফজলে কবীর, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ নিজাম আহমেদের জবানবন্দি নেন আসামিপক্ষের কৌঁসুলি ফখরুল ইসলাম। সাকা চৌধুরী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। তিনি প্রথম সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। জবানবন্দিতে নিজাম আহমেদ বলেন, তাঁর সঙ্গে সাকা চৌধুরীর প্রথম পরিচয় নটর ডেম কলেজে। স্কুলজীবনের বন্ধু কাইয়ুম রেজা চৌধুরী তাঁদের পরিচয় করিয়ে দেন, সে সময় কাইয়ুমের কাজিন সালমান এফ রহমানও উপস্থিত ছিলেন। তাঁরা সবাই একসঙ্গে ঘোরাফেরা করতেন। পরে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৬৮-৬৯ শিক্ষাবর্ষে ভর্তি হন। সে সময় তিনি ধানমন্ডিতে থাকতেন। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে তাঁরা অংশ নেন। শহীদ আসাদ যখন গুলিবিদ্ধ হন, তখন তাঁরা (সালমান, কাইয়ুম, সাকা চৌধুরী ও তিনি) আসাদের থেকে দুই ফুট দূরত্বে ছিলেন।
আসামিপক্ষের দ্বিতীয় সাক্ষী বলেন, একাত্তরের ২৫ মার্চ সন্ধ্যার দিকে তাঁরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে (বর্তমানে রূপসী বাংলা হোটেল) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব আমিনুল হক বাদশার সঙ্গে বিদেশি সাংবাদিকদের কাছে সংবাদ বিজ্ঞপ্তি বিলি করতে যান। রাত সাড়ে ১০টার দিকে পাকিস্তানি সেনারা তাঁদের হোটেল থেকে বের না হওয়ার নির্দেশ দেয়। ২৭ মার্চ সকাল পর্যন্ত তাঁরা ওই হোটেলেই ছিলেন। সেখানে তখন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ, সাংবাদিক সাইমন ড্রিং, মিশেল নামে একজন ফরাসি ফটোসাংবাদিক ছিলেন।
নিজাম আহমেদ বলেন, ‘২৭ মার্চ কারফিউ ভাঙার পর আমি ও আমার ছোট ভাই হাঁটতে হাঁটতে ধানমন্ডি চলে যাই। কাইয়ুম চলে যায় মগবাজারের বাসায়, বাদশা ভাই আত্মগোপনে যান। পরে আমরা পরিবারের সবাই নিউ ইস্কাটনে খালার বাসায় চলে যাই। ২৮ মার্চ আমি ও কাইয়ুম ধানমন্ডির ৮ নম্বর রোডে (পুরাতন) পুলের কাছে একটি সুইডিশ পরিবারের বাসায় উঠি। ওই বাসায় মনে হয় আমরা চার দিন ছিলাম। সে সময় শেখ কামালের সঙ্গে আমাদের দেখা হয়। কামালও আমাদের সঙ্গে সেই সুইডিশ পরিবারের সঙ্গে থাকতে আরম্ভ করল। ওই বাসায় থাকাকালে কাইয়ুম আমাকে বলেছিল, সে সালাউদ্দিনকে (সাকা চৌধুরী) বিমানবন্দরে নামিয়ে দিয়ে এসেছে। আর শেখ কামালকে ট্যাক্সির ব্যবস্থা করে আরিচা ঘাটের দিকে পাঠিয়ে দিয়েছে। তবে শেখ কামাল যেতে না পেরে আবার ফিরে আসে।’
নিজাম আহমেদ দাবি করেন, পরে পাকিস্তান সরকারের নির্দেশে সুইডিশ পরিবারটি ঢাকা ছাড়ার আগে তাঁদের ধানমন্ডি ৩২ নম্বর সড়কে কাইয়ুমের খালার বাসায় পৌঁছে দেয়। ওই বাসায় শেখ কামালসহ তাঁরা আরও তিন-চার দিন ছিলেন। পরে তিনি নিউ ইস্কাটনে নিজের খালার বাসায় চলে যান। এ সময় তিনি শোনেন, তাঁর অনেক বন্ধু করাচি চলে যাচ্ছেন। তাঁর অনেক বন্ধু জার্মানি থাকেন, এ জন্য তিনিও করাচি গিয়ে খাইবার পাস হয়ে জার্মানি চলে যাওয়ার চিন্তা করেন। এপ্রিলের ৭-৮ তারিখের দিকে তিনি, সালমান ও কাইয়ুম একই বিমানে করাচি যান, সেখানে সালমানের বাসায় ওঠেন। এক-দুই দিন পর তাঁদের সঙ্গে দেখা করতে সাকা চৌধুরী ওই বাসায় যান। তখন বাসায় তিনি ও সালমান ছিলেন, কাইয়ুম ছিলেন না। এরপর সাকা চৌধুরীর সঙ্গে তাঁর দেখা হয়েছে ১৯৭৪ সালের এপ্রিল বা মে মাসে ঢাকার হোটেল পূর্বাণীতে।
জবানবন্দি শেষে নিজাম আহমেদকে জেরা শুরু করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ-আল-মালুম। তিনি বলেন, ‘আপনি জবানবন্দিতে পেশা উল্লেখ করেননি।’ সাক্ষী বলেন, ‘না।’ মালুম জানতে চান, ‘আপনি যে নিজাম আহমেদ, সে মর্মে আপনার কাছে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট আছে?’ সাক্ষী বলেন, ‘জাতীয় পরিচয়পত্র নেই, পাসপোর্ট আছে।’ পাসপোর্ট এখন সঙ্গে আছে?—কৌঁসুলির এ প্রশ্নে তিনি বলেন, সঙ্গে নেই।
পরে কৌঁসুলি জেরার জন্য সময় চাইলে এ মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের আদেশ অনুসারে, আসামিপক্ষে পাঁচজন সাক্ষ্য দিতে পারবেন। আসামিপক্ষের সাক্ষী হিসেবে অপর যে তিনজনের নাম জমা দেওয়া হয়েছে তাঁরা হলেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কাইয়ুম রেজা চৌধুরী ও সুপ্রিম কোর্টের বিচারপতি শামীম হাসনাইন।