একাত্তরের গণহত্যা আন্তর্জাতিক গণহত্যার ইতিহাসে প্রতিষ্ঠার তাগিদ
একাত্তরের ২৫ মার্চসহ পরবর্তী নয় মাসে বাংলাদেশে সংঘটিত ভয়াবহ গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক গণহত্যার ইতিহাসে প্রতিষ্ঠার জন্য সর্বব্যাপী উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছেন দেশের জ্যেষ্ঠ সাংবাদিক, ইতিহাসবিদ ও বিশিষ্টজনেরা। তাঁরা বলেন, আন্তর্জাতিকভাবে গণহত্যার যত ইতিহাস লেখা হয়েছে, তার বেশির ভাগ ক্ষেত্রে বাংলাদেশের গণহত্যার কথা নেই। অথচ এত ছোট জায়গায়, এত কম সময়ে, এত বেশিসংখ্যক মানুষকে পৃথিবীর কোথাও হত্যা করা হয়নি। ২৫ মার্চ এখন জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। তবে এর বৈশ্বিক স্বীকৃতির জন্য প্রথমেই এটাকে আন্তর্জাতিক গণহত্যার ইতিহাসে প্রতিষ্ঠা করতে হবে।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ‘২৫ মার্চ গণহত্যা ও আন্তর্জাতিক স্বীকৃতি’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাসচর্চায় আমরা সব সময় গুরুত্ব আরোপ করেছি বিজয়ের ওপর। কিন্তু গণহত্যা কিংবা কোটি মানুষের আত্মত্যাগের বিষয়টি আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়নি। কারণ, আমাদের পরম্পরা ছিল না। ইউরোপে ও অন্যান্য দেশে গণহত্যার বিষয়টিকে তারা যেভাবে গুরুত্ব দিয়েছে, তা অনুকরণীয়। তাদের সেই ইতিহাস থেকে গল্প, কবিতা, চলচ্চিত্র, গান হচ্ছে। কোনো প্রজন্মকে তারা ভুলতে দেয়নি যে নাজিবাদ, ফ্যাসিবাদ হলে এটা হবে।’
মুনতাসীর মামুন বলেন, ‘যখন আমরা গণহত্যার স্বীকৃতির কথা বলছিলাম, তখন বিদেশে বলা হয়েছে যে তোমরা তো তোমাদের দেশে এটা পালন করো না। এখন গণহত্যার আন্তর্জাতিকীকরণের কথা আমরা বলতে পারি। যারা আমাদের বন্ধুরাষ্ট্র ছিল, যেমন পূর্ব ইউরোপ তাদের দিয়ে আমরা শুরু করতে পারি। এক কোটি বাঙালি বাইরে আছে। তারা যদি ২৫ তারিখ রাতে বাইরে বেরিয়ে খালি মোমবাতি জ্বালায়, দুই বছর পরে কিন্তু বিরাট একটা আন্তর্জাতিকীকরণ হবে।’ একই সঙ্গে একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যাকে আন্তর্জাতিক পরিসরে প্রতিষ্ঠার জন্য এ বিষয়ে নিরন্তর গবেষণা ও লেখালেখির ওপর জোর দেন তিনি। বলেন, ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস ২৫ তারিখে হবে না এই কারণে যে এটা ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে। গণহত্যা ২৫ তারিখে বলে আমরা এটাকে সীমিত করে ফেলছি। বলতে হবে নয় মাসের গণহত্যার কথা।’
পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের স্বীকৃত দিবসগুলো পালন করার আহ্বান জানিয়ে এই ইতিহাসবিদ বলেন, ‘তাহলে ইতিহাসের ওপর আমাদের অধিকার প্রতিষ্ঠা হবে। ইতিহাসই একমাত্র বিষয়, যার ওপর সাধারণের অধিকার আছে। এটা হলে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিভ্রমের সৃষ্টি হবে না।’
গবেষক-প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ ২৫ মার্চ কালরাতের কথা স্মরণে এনে বলেন, ‘পৃথিবীর মানুষ কিংবা জাতিসংঘকে স্বীকার করতেই হবে যে এত বড় গণহত্যার রাত পৃথিবীতে নেই।’
সাংবাদিক আবেদ খান বলেন, শুধু ২৫ মার্চের ঢাকা নয়, একাত্তরে পুরো বাংলাদেশই ছিল গণহত্যার কেন্দ্র।
গণহত্যার জাতীয় স্বীকৃতির ঘোষণা এর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন সাংবাদিক হারুন হাবিব।
বাংলাদেশের জনমানসে মুক্তিযুদ্ধের ইতিহাস ও গণহত্যার মতো বিষয়গুলোকে জাগ্রত রাখতে এখানকার সংবাদপত্রগুলোর ভূমিকা নিয়ে কথা বলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিক সমাজ কিন্তু সংবাদপত্রগুলোতে অব্যাহতভাবে আমাদের মুক্তিযুদ্ধ, নয় মাসের ঘটনা এবং পরবর্তী সময়ে দেশ-বিদেশের পত্রপত্রিকায় কীভাবে এই গণহত্যার বিষয়টি প্রচারিত হয়েছে, সে বিষয়ে খুব সজাগ ছিল। এ ছাড়া খোদ পাকিস্তানেই মুক্তিযুদ্ধ কিংবা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষদের প্রতি সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাংবাদিক হিসেবে এটাও আমাদের মনে রাখা দরকার যে পাকিস্তান সরকারের অবস্থান বা বুদ্ধিজীবীদের অবস্থানের বাইরে ছোট একটা ধারা কিন্তু আছে। পাকিস্তানের ওই অংশের জনগণ এখনো আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের সত্যকে স্বীকার করে। তাদের প্রতি আমাদের সক্রিয়তা বাড়ানো ও উদ্যোগী হওয়ার কথা আমরা বলতে পারি। এই ধারা যদি বেগবান হয়, তাহলে তারা পাকিস্তান সরকারকে বাধ্য করতে কিছুটা ভূমিকা রাখতে পারে।’
সাংবাদিক রাহাত খান বলেন, একটি রাষ্ট্রের একটি মীমাংসিত ইতিহাস থাকতে হবে। কিন্তু বাংলাদেশে সমান্তরাল দুটি ইতিহাস তৈরি হচ্ছে।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান। ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ফ ম ফারুক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ও স্বপন সাহা, জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলাম, সাংবাদিক এম শাজাহান মিয়া, নাসিমুন আরা হক মিনু, ইত্তেফাক-এর নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর, আইনুল ইসলাম বেদু, কুদ্দুস আফ্রাদ, মাইনুল ইসলাম প্রমুখ।