একাত্তরের গণহত্যাকে স্বীকার করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রতিষ্ঠা এবং একাত্তরে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের বিষয়টি ছিল একই সঙ্গে স্মৃতির সংগ্রাম ও ন্যায়ের দাবি। বহির্বিশ্বে এই গণহত্যার বিষয়টি অনেক ক্ষেত্রে অস্বীকার করা হতো। এখন স্বীকার করা হচ্ছে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচারের পর এই ভুলে যাওয়া গণহত্যা সারা বিশ্বের সামনে দৃশ্যমান হয়েছে।
গতকাল শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিসের উদ্যোগে ‘জেনোসাইড অ্যান্ড জাস্টিস’ শীর্ষক সার্টিফিকেট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিসের চেয়ারপারসন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, তরুণ প্রজন্মের জানা প্রয়োজন একাত্তরে কীভাবে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, কারা কারা এর সঙ্গে জড়িত, এখন কীভাবে এর বিচারপ্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। পরে তারাই এটা বিশ্বের কাছে জানাবে।
আনিসুজ্জামান আরও বলেন, ‘এখন অনেকে এই বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ আছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে। নুরেমবার্গ ট্রাইব্যুনাল কিংবা টোকিও ট্রাইব্যুনালে কিন্তু এই সুযোগ ছিল না।’
সেন্টারের পরিচালক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘এখন যারা এই বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে তারা আসলে স্বীকার করে নিচ্ছে যে একাত্তরে বাংলাদেশে গণহত্যা হয়েছিল। আগে তারা এটা স্বীকার করতে চাইত না। এই বিচারপ্রক্রিয়া বিশ্বের সামনে একাত্তরে গণহত্যার ভুলে যাওয়া ইতিহাসকে দৃশ্যমান করেছে।’
মুক্তিযুদ্ধ জাদুঘরের অঙ্গসংগঠন সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিস এ নিয়ে চতুর্থবারের মতো ‘জেনোসাইড অ্যান্ড জাস্টিস’ শীর্ষক সার্টিফিকেট কোর্সটির আয়োজন করেছে। এবারের আয়োজনে অংশ নিচ্ছেন ২৪ জন তরুণ শিক্ষার্থী ও পেশাজীবী।
আয়োজকেরা বলেন, তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও গণহত্যার বিষয়গুলো তুলে ধরার সঙ্গে গণহত্যার বিচারিক দিকগুলো সম্পর্কে সম্যক ধারণা দেওয়াই এই কোর্সের উদ্দেশ্য।