একাত্তরের ঘাতকদের বিচার বিশ্বের ইতিহাসে মডেল হয়ে থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেছেন, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার একাত্তরের ঘাতকদের বিচারের উদ্যোগ নিয়েছে। এই বিচারপ্রক্রিয়ায় ইতিমধ্যে বহির্বিশ্বের সমর্থন পাওয়া গেছে। এটি বিশ্বের ইতিহাসে একটি মডেল হয়ে থাকবে।গতকাল রোববার বিকেলে নোয়াখালী মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন। আইন প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে একাত্তরের ঘাতক, স্বাধীনতাবিরোধীরা বিচারপ্রক্রিয়ার বিরোধিতা শুরু করেছেন। তাঁরা বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। কিন্তু আমরা অতীতের মতো বিচার বিভাগকে প্রভাবিত করতে চাই না। আমরা বলেছি, দণ্ডপ্রাপ্ত আসামিরা আপিলেরও সুযোগ পাবেন।জেলা সার্কিট হাউস সড়কের পাশে নতুন এই আদালত ভবনের নির্ধারিত স্থানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন ও বিচার বিভাগের সচিব আশীষ রঞ্জন দাস। অনুষ্ঠানে বক্তব্য দেন নোয়াখালী জেলা ও দায়রা জজ মো. আশরাফ হোসেন, নোয়াখালী বারের সভাপতি নাজমুল হক, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রকল্প পরিচালক নুরুল ইসলাম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন।এর আগে দুপুরে আইন প্রতিমন্ত্রী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।