একাত্তরের চেতনায় চট্টগ্রামে প্রতিবাদী কবিতা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের আহ্বানে সাড়া দিয়ে চট্টগ্রামেও হয়ে গেল প্রতিবাদী কবিতা সমাবেশ। এ উপলক্ষে গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছিলেন মুক্তমনা কবি-সাহিত্যিকেরা।
সমাবেশে তাঁরা একাত্তরের মতো প্রতিক্রিয়াশীল ও অন্ধকারের অপশক্তির বিরুদ্ধে আলোর পতাকা আর রাজাকার-আলবদর ও তাদের দোসরদের বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখার শপথ নেন।
এ সময় তাঁদের হাতে ধরা ছিল ‘চট্টগ্রামের বিক্ষুব্ধ কবিতাকর্মী’ লেখা ব্যানার। সেই ব্যানারে আরও লেখা ছিল ‘আমরা চাই ’৭১-র বিজয়ী বাংলাদেশ’।
সমাবেশে কবি-লেখকরা কবিতা পাঠের মধ্য দিয়ে মানুষকে জেগে ওঠার আহ্বান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। সূচনা বক্তব্য দেন প্রতিবাদী কবিতা সমাবেশের উদ্যোক্তা কবি রাশেদ রউফ।
সমাবেশে অনুপম সেন বলেন, একাত্তরে আমরা জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষতার জন্য যুদ্ধ করেছিলাম। কিন্তু স্বাধীনতার ৪২ বছর পর সেই চেতনাকে পুনরুদ্ধারের জন্য আমাদের আজ আবারও রাজপথে নামতে হয়েছে। তিনি বলেন, আজ যখন মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, তখন কবিরা মাঠে নেমেছেন প্রতিক্রিয়াশীল শক্তিকে উচ্ছেদ করতে। কবি, লেখক, সাহিত্যিকেরা সব সময় জেগে থাকেন। প্রতিক্রিয়ার চাপে মানুষ যখন নিশ্চুপ হয়ে থাকে, তখনো কবিরা জেগে থাকেন। প্রতিক্রিয়ার বিরুদ্ধে তাঁরা কবিতার মাধ্যমে মানুষকে জাগিয়ে তোলেন।
কামরুল হাসানের সঞ্চালনায় সমাবেশে কবিতা পাঠ করেন কবি অরুণ দাশগুপ্ত, খুরশিদ আনোয়ার, স্বপন দত্ত, ওমর কায়সার, মহীবুল আজিজ, হোছাইন কবির, আকতার হোসাইন, ইউছুফ মোহাম্মদ, আশীষ সেন, রণজিৎ রক্ষিত, রাশেদ হাসান, মিলি চৌধুরী, ফারুক তাহের, অঞ্চল চৌধুরী, হাফিজ রশীদ খান, সেলিনা শেলী, রবিন ঘোষ, আনন্দমোহন রক্ষিতসহ অনেকে।