একাত্তরের ডাঁশার চাষি ক্লাব যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭২ সালে ডাঁশা গ্রামের মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন চৌধুরী নিজে উদ্যোগী হয়ে পাঁচ শ্রেষ্ঠ সন্তান কবর পাকা করেছিলেন। ছবি: সংগৃহীত
১৯৭২ সালে ডাঁশা গ্রামের মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন চৌধুরী নিজে উদ্যোগী হয়ে পাঁচ শ্রেষ্ঠ সন্তান কবর পাকা করেছিলেন। ছবি: সংগৃহীত

১৯৭১ সালের জুলাই মাস। সারা দেশে চলছে মুক্তিযুদ্ধ। সাধারণ মানুষ দিশেহারা রাজাকার, আলবদর আর পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞ ও অত্যাচারে। কুষ্টিয়ার খোকসা-কুমারখালী উপজেলাতেও একই অবস্থা। পাকিস্তানের সেনা ও রাজাকারদের শক্ত ঘাঁটি রয়েছে কয়েকটি স্থানে। এলাকায় হত্যা, লুট, অগ্নিসংযোগ চালানো হতো বসিগ্রামের খেলাফত চেয়ারম্যানের বাড়িতে অবস্থিত রাজাকার ক্যাম্প থেকে।

কুষ্টিয়া ও ঝিনাইদহের তিন উপজেলার সীমান্তবর্তী এলাকা ছিল কুমারখালী উপজেলার বসিগ্রামের খেলাফত চেয়ারম্যানের বাড়ি। কুষ্টিয়ার খোকসা, কুমারখালী ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে ডাঁশার চাষি ক্লাব যুদ্ধের ঘটনাস্থল অনেকটাই ত্রিভুজ সমীকরণে। তৎকালীন পান্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজাকার বাহিনীর আঞ্চলিক কমান্ডার খেলাফত হোসেনের আস্তানা ছিল ডাঁশা, সান্দিয়াড়া ও বসিগ্রাম, মূলগ্রাম, গণেশপুর, চৌরঙ্গী, নগরকয়া, পান্টিসহ আশপাশের এলাকা।

এই এলাকার রাজাকারপ্রধান খেলাফত চেয়ারম্যান। অনেক অর্থবিত্তের মালিক। এলাকায় আধিপত্যও বেশি। তিনি নিজ বাড়িতে রাজাকার ক্যাম্প স্থাপন করে এলাকায় ত্রাসের সৃষ্টি করেছিলেন। বলছিলাম একাত্তর সালের ২২ জুলাই ঘটে যাওয়া ডাঁশার চাষি ক্লাব যুদ্ধের কথা।

১৯৭১ সালের ২২ জুলাই রাজাকার-আলবদরের হাতে নির্মমভাবে শহীদ জাতির অন্যতম পাঁচ শ্রেষ্ঠ সন্তান এখানেই ঘুমিয়ে আছেন। ছবি: সংগৃহীত
১৯৭১ সালের ২২ জুলাই রাজাকার-আলবদরের হাতে নির্মমভাবে শহীদ জাতির অন্যতম পাঁচ শ্রেষ্ঠ সন্তান এখানেই ঘুমিয়ে আছেন। ছবি: সংগৃহীত

ডাঁশা ও বসিগ্রামের ক্যানেল ব্রিজের পাশে এখনো স্মৃতি হয়ে আছে ‘ডাঁশার চাষি ক্লাব যুদ্ধ রক্ত ঋণ-২’। চাষি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল এলাকার কৃষকদের বিভিন্ন প্রয়োজনের ওপর ভিত্তি করে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কৃষি সম্প্রসারণ উপপরিদর্শক দেওয়ান তোফাজ্জেল হোসেনের তৎকালীন সরকারি বাসভবন ও চাষি ক্লাব একই জায়াগায়। এলাকায় এখনো ওয়াপদা ভবন নামে পরিচিত। সেখানেই ১৯৭১ সালের ২২ জুলাই নির্মমভাবে হত্যা করা হয় পাঁচ মুক্তিযোদ্ধাকে। কয়েক শ গজ দূরেই চিরনিদ্রায় এক কবরে ঘুমিয়ে আছেন রাজাকারের হাতে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তান ইকবাল, গোপাল, লুৎফর, আনছার ও কুদ্দুস।

লুৎফর রহমান ছিলেন ওই এলাকার যুদ্ধকালীন আঞ্চলিক কমান্ডার। ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এলাকায় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে দল গঠন করেছিলেন। নিজেদের অস্ত্রের দুর্বলতা বুঝতে পারেন তিনি। রাজাকারদের বিরুদ্ধে লড়ার জন্য পাশের মাগুরার শ্রীপুর থানার লাঙ্গলবাদ ইউনিয়নের বদনপুর গ্রামের মোক্তার হোসেন, খোকসা উপজেলার রমানাথপুর আজইলের ছাত্তার, গ্রামের মালেক, ওমর, আলী হাসান, গোবরা গ্রামের ওয়াজেদ, সোহরাব, কুশলীবাসার সুলতানসহ অন্য সহযোদ্ধারা মিলে বুদ্ধি করেন। সিদ্ধান্ত নেন মাগুরা শ্রীপুর থানার মুক্তিযোদ্ধা কমান্ডার আকবর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করার। অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে সাক্ষাৎ করেন। বসিগ্রামের পিস কমিটির চেয়ারম্যান ও রাজাকারপ্রধান খেলাফত চেয়ারম্যানের বাড়ি আক্রমণের সিদ্ধান্ত জানান। এটাও জানান, তাঁদের কাছে আক্রমণ করার মতো প্রয়োজনীয় গোলাবারুদ ও অস্ত্র নেই। তাই এই অপারেশনের জন্য আপনাদের সহযোগিতা লাগবে। আকবর চেয়ারম্যান প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও মুক্তিযোদ্ধাদের দিয়ে সহযোগিতার আশ্বাস দেন।
পূর্বসিদ্ধান্ত অনুযায়ী ২১ জুলাই রাত ১১টার দিকে পাশের ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামের খোদাবক্স ডাক্তার ও বকুল মেম্বারের বাড়িতে পৌঁছানোর সিদ্ধান্ত নেন তাঁরা। অন্যদিকে লুৎফর কমান্ডারের নির্দেশে মুক্তিযোদ্ধাদের একটি দল খোকসা থানার বনগ্রামের একটি বাড়িতে অস্ত্রশস্ত্রের প্রস্তুতি নেন। অপারেশনটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে কোথায় কখন কীভাবে অপারেশন হবে, সেটি গোপন রাখেন কমান্ডার ও গ্রুপ কমান্ডাররা। লুৎফর কমান্ডার তাঁর দলবলসহ রাত নয়টার মধ্যে গড়াই নদ পার হয়ে গোসাইডাঙ্গা গ্রামে পৌঁছান। রাত প্রায় ১২টা পর্যন্ত অপেক্ষা করেন আকবর বাহিনীর মুক্তিযোদ্ধাদের জন্য। কিন্তু সেদিন রাতে আকবর বাহিনীর মুক্তিযোদ্ধারা সহযোগিতার সিদ্ধান্ত অনুযায়ী উপস্থিত হননি।

৪৪ তম স্বাধীনতা দিবসে ২০১৫ সালের ২৫ মার্চ গণহত্যা দিবসে আনুষ্ঠানিকভাবে নতুন ‘ডাঁশা শহীদ স্মৃতি স্তম্ভÑরক্তঋণ-২’ এর ফলক উন্মোচিত হয়। ছবি: সংগৃহীত
৪৪ তম স্বাধীনতা দিবসে ২০১৫ সালের ২৫ মার্চ গণহত্যা দিবসে আনুষ্ঠানিকভাবে নতুন ‘ডাঁশা শহীদ স্মৃতি স্তম্ভÑরক্তঋণ-২’ এর ফলক উন্মোচিত হয়। ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় অপেক্ষার পরও আকবর বাহিনীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতি না পেয়ে রাত ১২টার পর লুৎফর কমান্ডার জ্যেষ্ঠদের নিয়ে গোপন বৈঠকে বসেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, ওই রাতেই বসিগ্রামের খেলাফত রাজাকারের ক্যাম্পে আক্রমণ করবেন। সঙ্গের সহযোদ্ধা এবং সেকশন কমান্ডাররা জানান, কেউ সহযোগিতা না করলেও আমাদের এলাকার সমস্যা আমরাই মোকাবিলা করব। কারণ, এই মুহূর্তে আমাদের বসে থাকলে চলবে না। আমাদের যা কিছু আছে সেটা নিয়েই কৌশলে আক্রমণ করতে হবে। নইলে দেরি হয়ে যাবে।

চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী রাত ১২টার পর বিভিন্ন সেকশনে প্রায় ৫৫ জন মুক্তিযোদ্ধাকে নিয়ে রওনা দেন লুৎফর কমান্ডার। সময়টা ছিল বর্ষার মৌসুম। রাস্তাঘাটের অবস্থা তখন খুব খারাপ। ওয়াপদার ক্যানেলের ইটের রাস্তা ধরে চলে আসেন সান্দিয়াড়া বাজারে। দূর থেকে লক্ষ্য করেন বাজারে মানুষের আনাগোনা। পাঁচ-ছয়জন হারিকেন জ্বালিয়ে বাজারে ঘোরাফেরা করছেন। মুক্তিযোদ্ধারা এসে হারিকেন জ্বালিয়ে বাজারে কী করছে? প্রশ্ন করলে এলোমেলো উত্তর দেয়। সন্দেহজনক আচরণ দেখে তাদের ধরে ফেলেন মুক্তিযোদ্ধারা। পরিচয়ের একপর্যায়ে দেখা যায়, এদের সবার বাড়ি ডাঁশা গ্রামে। খেলাফত রাজাকারের লোক। তারই নির্দেশে বাজার পাহারা দিচ্ছে। নিজ গ্রামের মানুষ হওয়ার কারণে লুৎফর কমান্ডার ওদের একজনকে আটক রেখে সবাইকে বাড়ি চলে যেতে বলেন। যাকে আটকে রেখেছিলেন তিনি খেলাফত রাজাকারের খুবই আস্থাভাজন ও পিস কমিটির সদস্য। ঠিক সেই মুহূর্তেই মুক্তিযোদ্ধা ইকবাল অধিকতর মানবতা দেখিয়ে তাকেও ছেড়ে দিয়ে সোজা বাড়ি চলে যেতে বলেন। কিন্তু সেই রাজাকার গোয়েন্দা অবশেষে বিশ্বাসঘাতকতা করে। মুক্তিযোদ্ধাদের হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে নিজ গ্রামের মধ্য দিয়ে চলে যায় রাজাকার খেলাফত চেয়ারম্যানের বাড়িতে। সে জানায়, ‘বহু মুক্তিযোদ্ধা দলবল নিয়ে আপনার বাড়ি (রাজাকার ক্যাম্প) আক্রমণ করতে আসছে।’ কোনো উপায় না পেয়ে রাজাকার খেলাফত চেয়ারম্যানও ভীষণভাবে ভয় পেয়ে যায়। জীবন ভয়ে তার স্ত্রী-পুত্র-কন্যাসহ পালিয়ে এসে গোপনে আশ্রয় নেয় ডাঁশা চাষি ক্লাবের পাশে ওয়াপদার কৃষি সম্প্রসারণ উপপরিদর্শক দেওয়ান তোফাজ্জেল হোসেনের সরকারি বাসভবনের একটি কক্ষে।

মুক্তিযোদ্ধারা পূর্বসিদ্ধান্ত অনুযায়ী সান্দিয়াড়া বাজার থেকে চলে আসেন বসিগ্রামের ভেতর। রাজাকারের আস্তানা খেলাফত চেয়ারম্যানের বাড়ি ঘিরে ফেলেন মুক্তিযোদ্ধারা। লুৎফর কমান্ডারের নির্দেশ ছিল রাজাকার খেলাফতকে না মেরে জীবিত ধরার। বিশেষ পরিস্থিতি ও অর্ডার না দেওয়া পর্যন্ত কেউ গুলি চালাবে না। একপর্যায়ে পথের মধ্যে একজন রাজকারকে হত্যা করে। কোথাও রাজাকারদের খুঁজে না পেয়ে মুক্তিযোদ্ধারা খেলাফতের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেন। তারপর কিছুটা হতাশ হয়ে ডাঁশা জিকে ক্যানেলের ব্রিজে ফিরে আসে মুক্তিযোদ্ধারা। ভোরের আলো ইতিমধ্যে উদিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের দুটি দল গড়াই নদের ঘাটে পৌঁছে গেছে ততক্ষণে। ঠিক সেই মুহূর্তে ডাঁশা গ্রামের এক নারী মুক্তিযোদ্ধা ইকবালকে পথিমধ্যে ফিরে আসতে দেখে ইশারায় জানিয়ে দেন, খেলাফত রাজাকারকে দেওয়ান সাহেবের সরকারি বাসার দিকে যেতে দেখেছেন। মুক্তিযোদ্ধা ইকবাল ছিলেন খুব সাহসী এবং বলিষ্ঠ। খবর শোনামাত্রই ইকবালের মাথা গরম হয়ে ওঠে। অসম্পূর্ণ অপারেশন সম্পন্ন করার জন্য আবদুল মালেকের গ্রুপ নিয়ে দেওয়ান সাহেবের সরকারি বাসভবন ঘিরে ফেলেন। একপর্যায়ে সরকারি বাসার প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে উচ্চ স্বরে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে বের হয়ে আসেন দেওয়ান তোফাজ্জেল হোসেন। কমান্ডার ইকবাল জিজ্ঞেস করতে থাকেন, খেলাফত কোন রুমে আছে? একটি বাদে সব রুমের দরজা খুলে দেন দেওয়ান সাহেব। ওই রুম বন্ধ কেন জিজ্ঞেস করতেই দেওয়ান সাহেব কৌশলে ইশারা দিয়ে কক্ষটি দেখিয়ে দেন। মুক্তিযোদ্ধারা ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখতে পান ভয়ে জড়সড় হয়ে স্ত্রী-পুত্র-কন্যাসহ এক কোণায় বসে আছে খেলাফত। মুক্তিযোদ্ধারা খেলাফতকে টেনে বের করে নিয়ে আসেন। ঠিক সেই মুহূর্তে খেলাফতের বড় ছেলে শহিদুল ইসলাম ঝন্টু দেওয়ানের বাসার উত্তর-পশ্চিম কর্নারে বাথরুমে লুকিয়ে ছিল। সুযোগ বুঝে রাশিয়ান এসএমজি দিয়ে অতর্কিতে ব্রাশফায়ার করে সে। হঠাৎ ব্রাশফায়ারে জাতির পাঁচজন শ্রেষ্ঠ সন্তান ইকবাল, গোপাল, লুৎফর, আনছার ও কুদ্দুস ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত হন ছাত্তার, মালেক, ওয়াজেদ ও সুলতান।

বিভীষিকাময় নির্মম হত্যাযজ্ঞের পর ভোরের রাত পেরিয়ে নতুন সূর্য উদিত হয়। সহযোদ্ধারা আহত চারজন মুক্তিযোদ্ধার গুলির ক্ষত স্থান গামছা ও লুঙ্গি পেঁচিয়ে কাঁধে করে ডাঁশা গ্রামের ভেতর দিয়ে গড়াই নদীর তীরবর্তী বড়রিয়া গ্রামে অবস্থান নেন। দেওয়ান তোফাজ্জেল সাহেবের বাড়ির উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে পাঁচ শহীদ মুক্তিযোদ্ধার নিথর দেহ। আহত চার মুক্তিযোদ্ধার আর্তচিৎকারে তাঁদের সান্ত্বনা দেওয়ার ভাষাও হারিয়ে ফেলেন সহযোদ্ধারা। সেখান থেকে নৌকা যোগে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবা ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্পে ইয়াছিন খার বাড়িতে পৌঁছান। পাংশা উপজেলার ভাতছালা গ্রামে ডাক্তার ফজলে রব, খোকসার বেতবাড়ীয়া গ্রামের পল্লি চিকিৎসক মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার যৌথভাবে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করতে থাকেন। দীর্ঘদিন চিকিৎসার পর তাঁরা সুস্থ হন।

এদিকে সকাল হতে না হতেই কুষ্টিয়া, রাজবাড়ী, ঝিনাইদহের আশপাশের এলাকাতে এ খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পাঁচজন মুক্তিযোদ্ধাকে হত্যা করে আলবদর রাজাকার বাহিনী চারদিকে নতুন করে সংঘবদ্ধ হতে থাকে। চারদিকে গোয়েন্দা লাগায় নতুন করে। আনন্দে উল্লাস করতে থাকে। দুপুর নাগাদ পাকিস্তানের সেনারা এসে ভরে যায়। বাহবা দেয় খেলাফত চেয়ারম্যান ও পিস কমিটির সদস্যদের। এলাকায় নতুন আতঙ্ক তৈরি হয়। সান্দিয়াড়া বাজারসহ আশপাশের এলাকায় টহল দিতে থাকে। রাজাকারপ্রধান খেলাফত চেয়ারম্যানের নির্দেশে পাকিস্তানি সেনাদের উপস্থিতিতে ডাঁশা গ্রামের লুৎফর কমান্ডারের বাড়ি, দক্ষিণ মূলগ্রামের আবদুল মতিনের বাড়ি, আজইলের ছাত্তারের বাড়ি, রমানাথপুরের আলী হাসান, মালেক এবং ওমরের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

পাঁচজনের রক্তাক্ত লাশ রাজাকার খেলাফতের নির্দেশে চাষি ক্লাব থেকে দড়ি বেঁধে টেনেহিঁচড়ে জিকে ক্যানেল ব্রিজ পার করে নিয়ে রাস্তার পাশে ফেলে আসে রাজাকারের দোসররা। পশুর মতো শহীদ ইকবালসহ পাঁচ মুক্তিযোদ্ধার লাশের ওপর প্রস্রাব করে আনন্দ-উল্লাস করে। কাস্তে দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে লাশের চেহারা বিকৃত করে। শহীদ ইকবালের গলায় থাকা স্বর্ণের চেন, হাতঘড়ি, আংটি খুলে নেয়। পাকিস্তানি সেনাদের খুশি করতে এবং এলাকায় আতঙ্ক তৈরি করতে এসব নিকৃষ্ট কর্মকাণ্ড করে রাজাকার বাহিনী।

বিকেল পাঁচটার দিকে রাজাকার খেলাফত চেয়ারম্যানের নির্দেশে ডাঁশা গ্রামের হবিবর বিশ্বাস, মনুসর আলী, জোয়াদ আলী, আলতাফ হোসেন, সৈয়দ আলী, হাতেম আলী খাঁ, জহর আলী, আবদুর রাজ্জাক, নাদের আলী, আশা বিশ্বাসসহ আরও কয়েকজন মিলে লাশগুলো কাফন এবং জানাজা ছাড়াই মাটি চাপা দেওয়া হয়। বর্ষার পানি থাকায় চাষি ক্লাবের পূর্ব পাশে জিকে ক্যানেল ব্রিজ থেকে ১০০ গজ দূরে রাস্তার পাশে একটু উঁচু জায়গায় পাঁচটি লাশ একত্রে মাটি চাপা দেওয়া হয়।

দেশ স্বাধীন হওয়ার পর লাশ মাটিপচাপা দেওয়ার ঘটনাকে কোনোভাবেই এলাকার স্বাধীনতাকামী মানুষ মেনে নিতে পারেননি। ১৯৭২ সালে ডাঁশা গ্রামের মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন চৌধুরী নিজে উদ্যোগী হয়ে কবরটি পাকা করেন। স্বাধীনতাযুদ্ধের ৪৩ বছর পর গণকবর থেকে লাশ উত্তোলন করা হয় ২০১৪ সালের ২৮ নভেম্বর। ১৯৭১ সালের ২২ জুলাই রাজাকার-আলবদরের হাতে নির্মমভাবে নিহত হওয়া জাতির পাঁচ শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা জানানোর দায়বদ্ধতা থেকেই কবর থেকে পাঁচ শহীদ মুক্তিযোদ্ধার কঙ্কাল এবং দেহাবশেষ তোলার সিদ্ধান্ত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডার নাছিম উদ্দিন আহমেদ, যুদ্ধকালীন কমান্ডার লুৎফর রহমান এলাকার মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি, কুমারখালী উপজেলা প্রশাসন, কুষ্টিয়া জেলা প্রশাসন, জেলা পরিষদ কুষ্টিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৪ সালের ২৮ নভেম্বর এলাকার শত শত মুক্তিযোদ্ধা, শহীদ ও আহত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য, এলাকার সাধারণ মানুষের উপস্থিতিতে দেহাবশেষ তোলা হয়। তারপর কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরের হজের ব্যবহৃত কাপড় দিয়ে নতুন করে কাফন পরানো হয়। নতুন করে ইসলাম ধর্মীয় রীতি অনুযায়ী জানাজা শেষে নতুন করে সমাহিত করা হয় পাঁচ শহীদ মুক্তিযোদ্ধাকে। সরকারি, বেসরকারি এবং বিভিন্ন ব্যক্তির অনুদানে ডাঁশার চাষি ক্লাব যুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গণকবরের স্মৃতি রক্ষার্থে কুষ্টিয়া জেলার সর্ববৃহৎ স্মৃতিস্তম্ভ নির্মাণ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কুষ্টিয়া জেলা শাখা। বৃহৎ হেলমেটের নিচে জাতীয় পতাকা অঙ্কিত ছাউনির মাঝে ৬ ফিট বাই সাড়ে ৩ ফিট আয়তনের কবরে নতুন করে সমাহিত করা হয় পাঁচ শহীদ মুক্তিযোদ্ধাকে। চারদিকে পাকা প্রাচীর দিয়ে বেষ্টিত এবং মূল ফটক লোহার তৈরি গেট। মূল স্তম্ভটি সুন্দরভাবে টাইলস দিয়ে মোড়ানো হয়। দৃষ্টিনন্দন এই স্মৃতি স্তম্ভের নামকরণ করা হয় ‘ডাঁশা শহীদ স্মৃতি স্তম্ভÑরক্তঋণ-২’। স্তম্ভটি কুষ্টিয়া জেলার সর্ববৃহৎ স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভের নকশা করেন প্রকৌশলী এম এ মান্নান। ৪৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে ২০১৫ সালের ২৫ মার্চ গণহত্যা দিবসে আনুষ্ঠানিকভাবে এই দৃষ্টিনন্দন নতুন ‘ডাঁশা শহীদ স্মৃতি স্তম্ভÑরক্তঋণ-২ ’এর ফলক উন্মোচিত হয়।

তথ্যসূত্র: যুদ্ধকালীন কমান্ডার লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা আলী হাসান, সোহরাব হোসাইন, আবদুল মতিন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবদুল মালেক ও আবদুস ছাত্তারের সাক্ষাৎকার এবং আমরা তোমাদের ভুলব না—সম্পাদনায়: এম এ মুনিম তুহিন, প্রকাশ কাল: ২৫ মার্চ, ২০১৫।


ডাঁশা যুদ্ধে যুদ্ধাহত চারজন
০১.

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক। ছবি: সংগৃহীত
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক। ছবি: সংগৃহীত

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেকের জন্ম ১৯৫১ সালের ১৭ জানুয়ারি কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের রমানাথপুর গ্রামে। পিতা মৃত সজিম উদ্দীন, মা আবিরন নেছা। একাত্তরে রাজবাড়ী কলেজের বিকমের ছাত্র ছিলেন। যুদ্ধ শুরু হলে ভারতে গিয়ে প্রশিক্ষণ নেন। দেশে ফিরে এলাকায় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। ২২ জুলাই ডাঁশা যুদ্ধে বা ঘাড়ে গুলি লাগায় আহত হন। পরে চাকু দিয়ে গুলি বের করেন সেই সময়ের সহযোদ্ধারা। দেশ স্বাধীন হলেও গুলির দাগ আজও রয়ে গেছে। বর্তমানে বাস করেন খোকসা শহরের বাসস্ট্যান্ডে। ১৯৯৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খোকসা উপজেলা কমান্ডার ছিলেন। বর্তমানে তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের খোকসা উপজেলার সভাপতি। সাক্ষাৎকার গ্রহণের তারিখ: ১৮-০৭-২০১৮

০২.

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার। ছবি: সংগৃহীত
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার। ছবি: সংগৃহীত

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজইল গ্রামে ১৯৪৬ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার। পিতা মৃত আবদুস সোবাহান, মা মৃত জবেদা খাতুন। ১৯৬৫ সালে দেশভাগের সময় কুষ্টিয়ার চৌড়হাসে তৎকালীন ইপিআরে দুই মাসের আনসার ট্রেনিং নিয়েছিলেন। পরবর্তী সময়ে এ ট্রেনিংই একাত্তরের মুক্তিযুদ্ধে কাজে লাগান। ২২ জুলাই ডাঁশা যুদ্ধে তিনি সবচেয়ে বেশি গুরুতর আহত হন। শরীরের বিভিন্ন অংশে পাঁচটি গুলি লাগে। ঘটনাস্থলে জ্ঞান হারান। জ্ঞান ফিরলে নিজ ইচ্ছাশক্তি আর সহযোদ্ধা হাসানের সহযোগিতায় সারা শরীরে রক্ত নিয়ে গামছা দিয়ে পেট বেঁধে সাঁতরে ক্যানেল পার হন। পরে মাঠের ভেতর দিয়ে লুৎফর মাস্টারের বাড়িতে গিয়ে ওঠেন। সেখান থেকে সহযোদ্ধাদের সহযোগিতায় রাজবাড়ীর পাংশা উপজেলার কসবা মাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামে ইয়াছিন খার বাড়িতে আশ্রয় নেন এবং সেখানেই চিকিৎসা গ্রহণ করেন। সারা জীবনের মতো পঙ্গুত্ব বহন করে আজও বেঁচে আছেন। বর্তমানে নিজ গ্রামের বাড়িতে বসবাস করেন। সাক্ষাৎকার গ্রহণের তারিখ: ১৯-০৭-২০১৮ এবং ২০-০৭-২০১৮

০৩.

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদ
২২ জুলাই ডাঁশা যুদ্ধে আহত হন সুলতান উদ্দিন আহমেদ। চিকিৎসক সাহস না পাওয়ার ফলে সহযোদ্ধারা বুকের ভেতরের গুলি ব্লেড দিয়ে কেটে বের করেন। ডাঁশার যুদ্ধে ব্রাশফায়ারের নয়টি গুলি লেগেছিল মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদের শরীরে। চিকিৎসক যখন গুলি বের করতে ভয় পাচ্ছিলেন তখন সহযোদ্ধারা ব্লেড দিয়ে দিয়ে কেটে চাকু ঢুকিয়ে গুলি বের করেছিলেন। ৯টি গুলির স্মৃতি নিয়ে এখন বেঁচে আছেন। ১৯৪৫ সালের ৭ অক্টোবর কুমারখালী উপজেলার কুশলীবাসা গ্রামে জন্ম। পিতা মৃত হেলাল উদ্দিন মল্লিক, মা মৃত সুরাতন নেছা। বর্তমানে বয়সের ভারে অসুস্থ। থাকেন নিজ বাড়িতে। সাক্ষাৎকার গ্রহণ: ২০ অক্টোবর, ২০১৮

০৪.

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মিয়া। ছবি: সংগৃহীত
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মিয়া। ছবি: সংগৃহীত

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মিয়া
জন্ম ১৯৫০ সালের ৯ জানুয়ারি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামে। পিতা মৃত গোলাম কাদের মিয়া ও মা মৃত আয়েশা খাতুন। সাত ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। মুক্তিযুদ্ধে যাওয়ার কারণে রাজাকাররা বাড়িও পুড়িয়ে দিয়েছিল। ১৯৭১ সালের ২২ জুলাই ডাঁশার চাষি ক্লাব যুদ্ধে আহত হন তিনি। রাজাকারের ব্রাশফায়ারের একটি গুলি ঊরুর একপাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে যায়। সহযোদ্ধাদের সহযোগিতায় ডাঁশা হয়ে গড়াই নদ দিয়ে নৌকায় পৌঁছান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নটাভাঙ্গা গ্রামে ইয়াছিন খার বাড়িতে। পরে সেখানেই চিকিৎসক ফজলে রব ও বেতবাড়িয়া গ্রামের ছাত্তার চিকিৎসকের চিকিৎসায় সুস্থ হন। বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরে। চলতি বছরের ৮ মে তিনি মৃত্যুবরণ করেন।

০৫.

ডাঁশা যুদ্ধের কমান্ডার লুৎফর রহমান। ছবি: সংগৃহীত
ডাঁশা যুদ্ধের কমান্ডার লুৎফর রহমান। ছবি: সংগৃহীত

ডাঁশা যুদ্ধের কমান্ডার লুৎফর রহমান
এলাকায় লুৎফর কমান্ডার নামে পরিচিত। একাত্তর সালে ছিলেন অত্র এলাকার মুক্তিযোদ্ধাদের আঞ্চলিক কমান্ডার। এ ছাড়া সমাজসেবী এবং শিক্ষানুরাগী হিসেবেও তিনি সমাদৃত। নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছেন বালিকা বিদ্যালয়। ১৯৪৫ সালের ২৪ এপ্রিল জন্ম। পিতা মৃত তবারেক হোসেন, মা মৃত নুরজাহান বেগম। ১৯৬৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর শেষ করেন। প্রভাষক হিসেবে চাকরি শুরু করেন কুড়িগ্রাম কলেজে। বছরখানেক পর চলে আসেন নিজ গ্রামে। সহকারী শিক্ষক হিসেবে চাকরি শুরু করেন ডাঁশা মাধ্যমিক বিদ্যালয়ে। যশোর এমএম কলেজে পড়ার সময় ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। একাত্তরে যুদ্ধ শুরু হলে ভারতে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে এলাকায় ফিরে আসেন। মুক্তিযুদ্ধের বিভিন্ন কমান্ডারকে একত্রে করে সংগঠিত করেন। এলাকায় বৃহৎ আকারে মুক্তিযোদ্ধাদের দল গঠন এবং দলের নেতৃত্ব দেন। ডাঁশা যুদ্ধ ছাড়াও তিনি চাঁদট যুদ্ধ, শৈলকুপা যুদ্ধসহ একাধিক যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নেতৃত্ব দেন। ১৯৭১ সালের ২২ জুলাই বসিগ্রামের খেলাফত চেয়ারম্যানের বাড়ি অর্থাৎ রাজাকার ক্যাম্পে আক্রমণের যুদ্ধের তিনিই কমান্ডার ছিলেন। ডাঁশার চাষি ক্লাব যুদ্ধে পাঁচ সহযোদ্ধাকে হারিয়েও চার সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে রাজবাড়ীর পাংশায় পৌঁছান। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করেন। তার পরও এলাকায় নতুন করে সংগঠিত করেন। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলে বর্তমান তৌফিক-ই-ইলাহী চৌধুরীর (বর্তমানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা) নির্দেশে খোকসা উপজেলার প্রশাসনিক দায়িত্বও পালন করেন। সাক্ষাৎকার গ্রহণ ২৪ অক্টোবর, ২০১৮।

ইমাম মেহেদী: মুক্তিযুদ্ধের গবেষক
ই-মেইল: [email protected]