একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে যুদ্ধে জিততে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এক হয়েছি। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের এক হয়ে একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে লড়তে হবে। এ যুদ্ধে জিততে হবে। এ লড়াই আমাদের অস্তিত্বের লড়াই।’

ছাত্র-যুব-শিশুকিশোর-সংস্কৃতিকর্মী-কৃষক-শ্রমিক-ক্ষেতমজুর-পেশাজীবী-জনতার ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

‘মুক্তিযুদ্ধের চেতনায় এক হও বাংলাদেশ’-এ স্লোগানে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি চন্দন দাশ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সভাপতি রবিউল হোসেন, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, যুবনেতা আরিফ উল্লাহ, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক সুনীল ধর, খেলাঘরের কেন্দ্রীয় সহসভাপতি দেলোয়ার মজুমদার, চট্টগ্রাম মহানগর শাখার সহসভাপতি শফিউল আলম, ট্রেড ইউনিয়নকেন্দ্র চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক রাহাত উল্লাহ।

সমাবেশে সব যুদ্ধাপরাধীর দ্রুত বিচার ও রায় কার্যকর করা, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করা এবং পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও পাকিস্তানি-মার্কিন ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি পাকিস্তানি পণ্য বর্জনেরও অনুরোধ জানানো হয়।

সমাবেশে প্রতিবাদী গণসংগীত পরিবেশন করেন উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ এবং চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীরা।

সমাবেশ শেষে গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি আন্দরকিল্লা, চেরাগী মোড় ও প্রেসক্লাব ঘুরে এসে আবার চেরাগী মোড়ে গিয়ে শেষ হয়।