একাত্তরের বর্বরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিন্টু দে ও তাঁর সহ​শিল্পীরা একাত্তরের গণহত্যার ​বিভীষিকা ফুটিয়ে তুলতে ​শিল্পস্থাপনার কাজ করছেন l ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিন্টু দে ও তাঁর সহ​শিল্পীরা একাত্তরের গণহত্যার ​বিভীষিকা ফুটিয়ে তুলতে ​শিল্পস্থাপনার কাজ করছেন l ছবি: প্রথম আলো

কল্পনা করুন, বাংলাদেশের কোনো একটি গ্রামের ঘরে ঘরে লাশ। তাদের নির্বিচারে হত্যা করা হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘরদোর। গ্রামজুড়ে চাপ চাপ রক্ত। অনেকের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন।
পাঠক, কষ্ট হচ্ছে? কিন্তু মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের গ্রামগুলোর চেহারা তো এমনই ছিল। যারা একাত্তরে পার করেছে শৈশব কিংবা যাদের জন্ম একাত্তরের পরে, তারা কি এই দৃশ্য কল্পনায়ও ধারণ করতে পারে? এই সবার কথা ভেবে শিল্পী মিন্টু দে সে সময় সংঘটিত গণহত্যার বীভৎসতা সামনে নিয়ে আসতে চাইছেন। প্রায় এক বছর ধরে ‘একাত্তরের বর্বরতা’ শিরোনামে একটি শিল্পস্থাপনার কাজ করছেন তিনি। নির্মাণ করছেন গণহত্যায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া একটি গ্রাম। পুরো গ্রামে ১০০টি বাড়ি, তার আড়াই শটি ঘর। সেখানে কেবল মানুষের লাশ আর লাশ। গ্রামের মধ্যে আছে বধ্যভূমি আর গণকবরও।
শিল্পী এ নিয়ে ভাবছিলেন ২০০৭ সাল থেকে। প্রথমে ইচ্ছে ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর কাজ করা। পরে দেখলেন, মুক্তিযুদ্ধকেই অনেকে স্বীকার করতে চায় না। যেন ১৯৭১ সালে তেমন কিছু হয়নি! কেউ কেউ আবার বলে, ওই সময় একটা ‘গন্ডগোল’ হয়েছিল। শিল্পী দেখলেন, বর্তমান প্রজন্মের অনেকেই মুক্তিযুদ্ধ সম্পর্কে বেশি কিছু জানে না। তাদের সামনে আবার নানা রকম ইতিহাস। এ দেশের জনসাধারণের আত্মত্যাগ নিয়ে তাদের ধারণা অস্পষ্ট।
অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ছিল বিভীষিকার মতো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাত্র নয় মাসে মারা যায় ৩০ লাখ মানুষ!
বিস্মৃতির এমন একটি অবস্থায় শিল্পী ভাবেন, ১৯৭১ সালে আসলে কী ঘটেছিল, সেটা কেবল বললে হবে না, সবাইকে দেখিয়ে দেওয়া প্রয়োজন। শিল্পী বলেন, মুক্তিযুদ্ধের বাস্তব অবস্থা পুরোপুরি তৈরি করা হয়তো সম্ভব নয়, কিন্তু যতটা কাছাকাছি যাওয়া যায়। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত সারা দেশের ১০০টি ঘটনা একটি গ্রামের ভেতর দেখানো হবে।
মিন্টু দে কয়েকটি ঘটনার কথা বললেনও। চট্টগ্রামে পাকিস্তানি বাহিনী এক মায়ের সামনে তার সন্তানকে বেয়নেটের ওপর ধরে রেখেছিল। পরে সেই শিশুটিকে ছয় টুকরা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ৩০০ মানুষ ভারতের উদ্দেশে লঞ্চে করে যাচ্ছিল। পাকিস্তানি বাহিনী খবর পেয়ে লঞ্চের ভেতরই সবাইকে মেরে ফেলেছিল। ঢাকার মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের চোখ-হাত-পা বেঁধে মেরে ফেলে রাখা হয়েছিল।
এসব ঘটনাকে বাস্তব রূপ দিতে তৈরি হচ্ছে সোলার মানুষ। কাজটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের পেছন দিকটায়। সেখানে ১৬ জন সহকারী শিল্পীর সাহায্যে সোলা কেটে তৈরি করা হচ্ছে ১ হাজার ৭১টি মৃত মানুষের ভাস্কর্য। এদের মধ্যে আছে জনসাধারণ, মুক্তিযোদ্ধা, পাকিস্তানি বাহিনী ও রাজাকার। সঙ্গে থাকবে শকুন, কুকুর ও কাক—মানুষের লাশ যাদের খাবার। সোলার ওপর কাপড় জড়িয়ে তাতে পরানো হবে রং। শিল্পী কীভাবে সোলা কেটে কেটে একেকটি ভাস্কর্য তৈরি করছেন, সে প্রক্রিয়াটি দেখালেন।
প্রশ্ন ছিল, ১০৭১টি ভাস্কর্য কেন?
শিল্পী বললেন, প্রথমে ভেবেছিলেন ১৯৭১টি শোলার ভাস্কর্য করবেন। কিন্তু আর্থিক সংকটের কারণে সেটা সম্ভব হচ্ছে না। পুরো কাজের বাজেট ছিল ৩ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে ব্যয় হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। এ টাকা ধার করতে হয়েছে কয়েকজনের কাছ থেকে। ২০১৪ সালের নভেম্বরে কাজ শুরু করেছিলেন। আর্থিক প্রতিকূলতার কারণে মাঝে কাজ বন্ধ রাখতে হয়েছিল। এরপর আবার কাজ শুরু হয়েছিল বটে, কিন্তু গত সপ্তাহ থেকে কাজ আবার বন্ধ। সোলা যাদের কাছ থেকে কেনা হয়, সেখানে অনেক টাকা বাকি। তাই কাজ হচ্ছে না আর। কাজটি শেষ করতে সবার সহযোগিতা চাইলেন মিন্টু দে।
প্রদর্শনীটি শুরু হবে বঙ্গবন্ধুর বিশাল একটি ভাস্কর্য দিয়ে। ৭ মার্চ তর্জনী দেখিয়ে রেসকোর্সের ময়দানে তিনি ভাষণ দিচ্ছেন। এরপর দেখা যাবে একটি সুখী সুন্দর পরিবার। তারপর শুরু হবে বাড়িতে বাড়িতে পাকিস্তানি বাহিনীর গণহত্যার দৃশ্য।
শিল্পীর ইচ্ছা, আগামী মার্চে শিল্পস্থাপনাটি দর্শকদের সামনে উপস্থাপন করবেন। মাসব্যাপী শিল্প স্থাপনাটির প্রদর্শনী হতে পারে পুরাতন বিমানবন্দরে। পরে তিনি প্রতিটি বিভাগীয় শহরেও প্রদর্শনীটি করতে চান।