একাত্তরে বর্বরতার প্রতিবাদ হয়েছিল পাকিস্তানেও
পাকিস্তানের মানবাধিকার বিশেষজ্ঞ ও সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটসের (এসএএইচআর) চেয়ারপারসন হিনা জিলানি বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতা, নির্যাতন ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানিয়েছেন দেশটির নাগরিকদের একটি বড় অংশ। আজ রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বনামখ্যাত এ মানবাধিকারকর্মী বলেন, বাংলাদেশের মুক্তির সংগ্রামে এ দেশের মানুষের লড়াই পাকিস্তানের সামরিক শাসকদের বিরুদ্ধে পাকিস্তানি নাগরিকদের কথা বলার সাহস জুগিয়েছে। তিনি আরও বলেন, বহু মাত্রিকতাকে অস্বীকার করার কারণে যে বিভাজন তৈরি হচ্ছে তার কারণে জনগণের স্বার্থ অনেক ক্ষেত্রেই দেখা হচ্ছে না। সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান দেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর মোকাবিলায় একসঙ্গে সবার কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন এসএএইচআর ব্যুরো সদস্য ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটি বলছে, দক্ষিণ এশিয়ায় সংঘাতময় পরিস্থিতি নারী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। দেশগুলোতে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ ভূলুণ্ঠিত হচ্ছে। বেড়ে চলছে উগ্রবাদ বা চরমপন্থা, অসহিষ্ণুতা।
সুলতানা কামাল তাঁর বক্তব্যে বলেন, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রের জন্য আমাদের যে প্রত্যাশা সে ক্ষেত্রে আশানুরূপ কিছু হয়নি। বাংলাদেশের এ মানবাধিকার কর্মী বলেন, ‘আমাদের অনেক অগ্রগতি আছে। কিন্তু আমরা যা চেয়েছি তার কিছুই মানসম্মত অবস্থায় পাইনি। এ জন্য আমাদের অনেক দুর যেতে হবে।’
এসএএইচআরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রী আই কে গুজরাল। দক্ষিণ এশিয়ার সমমনা মানবাধিকারকর্মী, পেশাদার ব্যক্তি, বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠান এর সদস্য। জাতীয় ও আঞ্চলিক উভয় পর্যায়ে মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে তুলে ধরার কাজ করে সংস্থাটি।
গতকাল শনিবার দুই দিনের শান্তি মিশনে আসেন এসএএইচআরের সদস্যরা। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার সুশীল সমাজের মধ্যে আঞ্চলিক শান্তি ও সংহতির বার্তা নিয়েই এ মিশন।
এসএএইচআরের সফর নিয়ে বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিস কেন্দ্রের সহায়তায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের নাজিশ আতাউল্লাহ, মালদ্বীপের মোহাম্মদ লতিফ ও আমিনা জামিল, শ্রীলঙ্কার সিতারা শিরীন, আনুশাহ কল্যুর ও দীক্ষা ইলাংগাসিঙ্গে, নেপালের ধর্মিতা মিজার, বাংলাদেশের সাদেকা হালিম ও আসিফ নজরুল।