একাত্তরের ভূমিকার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ভূমিকার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বললেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। পাশাপাশি তিনি পাকিস্তানের কাছে যুদ্ধের ক্ষতিপূরণও দাবি করেছেন। গতকাল রোববার পাকিস্তানের নতুন হাইকমিশনার আফ্রাসিয়াব মেহেদি হাশমির কাছে এই মন্তব্য করেছেন দীপু মনি। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন অমীমাংসিত এসব সমস্যার দ্রুত নিষ্পত্তি হলে বাংলাদেশ-পাকিস্তানের সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।ঢাকায় নতুন পাকিস্তানি হাইকমিশনার সকালে মন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁরা দুজনই মনে করেন, বাণিজ্য, অর্থনীতি, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতাকে আরও সম্প্রসারিত করার সুযোগ রয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তিতে পাকিস্তানের অবস্থান কী, সেটা বোঝার পাশাপাশি তাতে স্বীকৃতি দিতে দীপু মনি পাকিস্তানের সহযোগিতা চান। অমীমাংসিত বিষয়গুলো বলতে তিনি ১৯৭১ সালে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, সম্পদের বণ্টন ও যুদ্ধের জন্য ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় আফ্রাসিয়াবকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন দীপু মনি।পাকিস্তান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকালের সৌজন্য সাক্ষাতে আফ্রাসিয়াব গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর তাগিদ দিয়েছেন।